
ডেস্ক রিপোর্ট | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৬ বার পঠিত | পড়ুন মিনিটে

পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, উন্নত পাঠদানের পরিবেশ এবং জরাজীর্ণ বিদ্যালয় ভবন সংস্কারের দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ করেছেন আড়াই লাখের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক। মঙ্গলবারের অধিকাংশ কর্মসূচি শান্তিপূর্ণ থাকলেও প্যারিসসহ কয়েকটি শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করেছে পুলিশ।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, মঙ্গলবার প্যারিসে ৫৬ হাজার এবং অন্যান্য শহরে প্রায় দুই লাখ মানুষ বিক্ষোভে অংশ নেন। তবে আন্দোলনকারীদের দাবি, দেশজুড়ে মোট সাড়ে চার লাখ মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন।
সরকারি তথ্য অনুযায়ী, মঙ্গলবারের বিক্ষোভ ঘিরে প্রায় ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় ৪৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।
দুই সপ্তাহেরও বেশি আগে প্যারিসের উত্তরাঞ্চলের একটি শহরতলি থেকে শুরু হয় এই আন্দোলন। পরে তা ছড়িয়ে পড়ে দেশটির বিভিন্ন অঞ্চলে। প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নুর হিসাবে, আন্দোলন চলাকালে অন্তত ২১৫ কিশোর-কিশোরী ও বিদ্যালয়ের ৮৫ কর্মী আহত হয়েছেন। প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, আহত পুলিশ সদস্যের সংখ্যা ৭১৫।
এদিকে শ্রমিক সংগঠন ও মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করেছে, তরুণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে অপ্রয়োজনীয় বলপ্রয়োগ করছে পুলিশ। সংঘর্ষে এক কিশোরের হাত উড়ে গেছে এবং আরেকজন ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন বলেও দাবি করা হয়েছে।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজের দাবি, প্রায় সব ক্ষেত্রেই পরিস্থিতি বিবেচনা করেই পুলিশ ব্যবস্থা নিয়েছে। তার ভাষ্য, কিছু বিক্ষোভ দাঙ্গায় রূপ নিয়েছিল। পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ খতিয়ে দেখতে ১০টি অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।
কর্তৃপক্ষ জানিয়েছে, সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত ২৪টি বিদ্যালয়ে অগ্নিসংযোগ বা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৬ হাজার ১০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের প্রায় সবাই অপ্রাপ্তবয়স্ক।
শিক্ষা মন্ত্রণালয়ের হিসাবে, মঙ্গলবার ৯০০টির বেশি উচ্চবিদ্যালয় অবরুদ্ধ বা বন্ধ ছিল। তবে শিক্ষার্থী সংগঠনগুলোর দাবি, এই সংখ্যা ১ হাজার ৮০০।
পরিস্থিতি মোকাবিলায় অনুপস্থিত শিক্ষকদের বদলি নিশ্চিত করা, সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যালয়ের সময়সূচি পর্যালোচনা এবং পুরোনো বিদ্যালয় ভবন সংস্কারের বিষয়ে কাজ করতে সংশ্লিষ্ট মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত