
ডেস্ক রিপোর্ট | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ১১ বার পঠিত | পড়ুন মিনিটে

দীর্ঘ ১৫ বছর পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন বলিউডের জনপ্রিয় দুই তারকা শাহরুখ খান ও কারিনা কাপুর। ২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’-এর পর আর কোনো পূর্ণাঙ্গ সিনেমায় একসঙ্গে দেখা যায়নি তাদের। এবার শাহরুখের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর একটি বিশেষ গানে একসঙ্গে হাজির হতে যাচ্ছেন এই তারকা জুটি।
জানা গেছে, শচীন-জিগারের সুর করা গানটির সম্ভাব্য নাম ‘ড্যাডি কুল’। চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় টানা পাঁচ দিন ধরে গানটির শুটিং করার কথা রয়েছে শাহরুখ ও কারিনার।
পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, বড় পরিসরে নির্মাণ করা হচ্ছে গানটি। এতে ভারতীয় শিল্পীদের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের কোনো সংগীত তারকার কণ্ঠও থাকতে পারে। গানটিতে শাহরুখ ও কারিনাকে দেখা যাবে একেবারে ভিন্ন সাজ ও লুকে।
নির্মাতাদের প্রত্যাশা, গানটি চলতি বছরের অন্যতম আলোচিত গান হয়ে উঠবে। একই সঙ্গে ‘কিং’-এর অন্যতম বড় চমক হিসেবেও দর্শকদের সামনে হাজির হবে এটি।
শাহরুখ-কারিনা জুটির রসায়ন বলিউডপ্রেমীদের কাছে বরাবরই জনপ্রিয়। ‘অশোকা’, ‘কাভি খুশি কাভি গাম’ ও ‘রা.ওয়ান’-এর মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। এছাড়া ‘ডন’ ও ‘বিল্লু’ সিনেমায় অতিথি চরিত্রেও শাহরুখের সঙ্গে দেখা গেছে কারিনাকে।
বিশেষ করে ‘রা.ওয়ান’-এর ‘ছম্মক ছাল্লো’ ও ‘ক্রিমিনাল’-এর মতো গানে তাদের রসায়ন এখনো দর্শকদের মনে গেঁথে আছে। তাই দীর্ঘ বিরতির পর পর্দায় এই দুই তারকার পুনর্মিলনের খবরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ভক্তরা।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ নির্মিত হচ্ছে প্রায় ৩৫০ কোটি রুপি বাজেটে। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে তার মেয়ে সুহানা খানেরও।
‘কিং’-এ আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানি মুখার্জি, আরশাদ ওয়ারসি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও অভয় ভার্মা।
আগামী ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে বিশ্বব্যাপী ‘কিং’ মুক্তির পরিকল্পনা রয়েছে। আর তার আগেই শাহরুখ-কারিনার বিশেষ এই গান সিনেমাটিকে ঘিরে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত