
জেলা প্রতিনিধি | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৮ বার পঠিত | পড়ুন মিনিটে

দেশকে উন্নত ও শক্তিশালী জাতি হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষাব্যবস্থার প্রতি কোনো ধরনের অবহেলা করা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. মঈন খান বলেন, অনেকেই মনে করেন আধুনিক অস্ত্র ও সামরিক শক্তির কারণেই যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ। কিন্তু বাস্তবে দেশটির শক্তির অন্যতম প্রধান ভিত্তি হলো উন্নত শিক্ষাব্যবস্থা। শিক্ষাব্যবস্থাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার কারণেই যুক্তরাষ্ট্র বিশ্বে নেতৃত্বের অবস্থানে পৌঁছেছে।
তিনি বলেন, একটি দেশকে শক্তিশালী ও উন্নত পর্যায়ে নিয়ে যেতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তরুণ প্রজন্মকে সঠিক শিক্ষা ও দিকনির্দেশনা দিয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের বড় দায়িত্ব রয়েছে।
মন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার দায়িত্ব শিক্ষকদের। এ দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খান ফাউন্ডেশন ও দি মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন অ্যাডভোকেট রোখসানা খন্দকার।
এ ছাড়া বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন মাস্টার, পলাশ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সুলতান উদ্দিনসহ শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত