
ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৭ বার পঠিত | পড়ুন মিনিটে

ফিলিস্তিন ও ইরান ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় কার্যকর আন্তর্জাতিক নীতিমালা ও সুরক্ষাব্যবস্থা গড়ে তোলার তাগিদ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে দেওয়া এক ভাষণে অ্যালবানিজ বলেন, বহুপাক্ষিক আন্তর্জাতিক ব্যবস্থা ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।
ফিলিস্তিন প্রসঙ্গে অস্ট্রেলিয়ার অবস্থান তুলে ধরে তিনি বলেন, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের বিরোধিতা অব্যাহত রাখবে ক্যানবেরা। শান্তির সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করে এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধেও অস্ট্রেলিয়া সোচ্চার থাকবে।
ফিলিস্তিনের ভবিষ্যৎ ব্যবস্থাপনায় হামাসের কোনো ভূমিকার বিরোধিতার কথাও জানান অ্যালবানিজ। তাঁর ভাষায়, ফিলিস্তিনের ভবিষ্যতে হামাসের সশস্ত্র সদস্যদের কোনো ভূমিকা মেনে নেবে না অস্ট্রেলিয়া।
ইরান প্রসঙ্গে অ্যালবানিজ বলেন, চলমান সংঘাত মধ্যপ্রাচ্যে গুরুতর প্রভাব ফেলেছে এবং এর প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতেও। তিনি অবিলম্বে যুদ্ধবিরতি, হরমুজ প্রণালী পুনরায় চালু এবং নৌ ও বাণিজ্য চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানান।
পাশাপাশি ইরানের প্রতি অঞ্চলজুড়ে নির্বিচার হামলা বন্ধ এবং পারমাণবিক অস্ত্র অর্জনের যেকোনো প্রচেষ্টা পরিত্যাগের আহ্বান জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।
এআই নিয়ে সতর্কবার্তা
ভাষণে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও ঝুঁকি নিয়েও কথা বলেন অ্যালবানিজ। তাঁর মতে, এআই স্বাস্থ্যসেবা, উৎপাদনশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। তবে যথাযথ সুরক্ষাব্যবস্থা না থাকলে এই প্রযুক্তি উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করতে পারে।
অ্যালবানিজ বলেন, এআইকে উপেক্ষা বা প্রতিরোধ করার সুযোগ নেই। বরং এর বিকাশ যাতে মানুষের স্বার্থে পরিচালিত হয়, তা নিশ্চিত করতে সরকারগুলোকে সক্রিয় ভূমিকা নিতে হবে।
সম্প্রতি অস্ট্রেলীয় সরকারের একটি ওয়েবসাইটে এআইয়ের একটি এজেন্টের অনুপ্রবেশের ঘটনাও উল্লেখ করেন তিনি। ঘটনাটিকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে এআই ব্যবহারে আন্তর্জাতিক মানদণ্ড ও সুরক্ষাব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন অ্যালবানিজ।
এ ছাড়া জাতিসংঘের সংস্কার, ক্ষুদ্র ও মধ্যম শক্তির দেশগুলোর প্রতিনিধিত্ব বাড়ানো এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরও কার্যকর আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানান তিনি।
অ্যালবানিজ বলেন, অস্ট্রেলিয়া এমন একটি নিরাপদ বিশ্বের পক্ষে, যেখানে কোনো দেশ অন্য দেশের ওপর আধিপত্য বিস্তার করবে না এবং কোনো দেশই আধিপত্যের শিকার হবে না। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন, উন্নয়ন ও নিরাপত্তা ইস্যুতে প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর মতামত আন্তর্জাতিক পরিসরে আরও জোরালোভাবে তুলে ধরার অঙ্গীকার করেন তিনি।
সূত্র: আনাদোলু

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত