
ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ০ বার পঠিত | পড়ুন মিনিটে

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের দ্বিতীয় আসর ঘিরে শুরু হয়েছে প্রস্তুতি। আগামী বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসতে যাচ্ছে বাংলা চলচ্চিত্রের এই আয়োজন। এরই মধ্যে উৎসবের জন্য চলচ্চিত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকেরা।
এবারের উৎসবে চারটি বিভাগে বাংলা চলচ্চিত্র প্রদর্শিত হবে। বিভাগগুলো হলো—শর্টফিল্ম, ডকুমেন্টারি, ওয়েব ফিল্ম ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। বিভিন্ন বিভাগে সেরা কাজের জন্য বিজয়ীদের দেওয়া হবে পুরস্কার।
ফেস্টিভ্যাল-২০২৬-এর আহ্বায়ক ও প্রযোজক অলিভ আহমেদ বলেন, ‘আমরা আমেরিকায় বাংলা চলচ্চিত্রের একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই। প্রথম নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে যে সাড়া পেয়েছি, তা আমাদের আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছে।’
তিনি জানান, উৎসবের জুরি বোর্ডে থাকছেন অভিজ্ঞ ব্যক্তিরা। ফেস্টিভ্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন পিকলু চৌধুরী এবং প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে রয়েছেন তানভীর খায়ের।
উৎসবের সদস্য সচিব লিটু আনাম বলেন, বাংলা চলচ্চিত্রের ইতিহাস ও ঐতিহ্য অনেক সমৃদ্ধ। এই ইতিহাসকে যারা সমৃদ্ধ করেছেন, তাদের কাজের মূল্যায়ন করতে চান তারা।
বাংলাদেশের নির্মাতা ও প্রযোজকদের ২০২৬ সালে নির্মিত নিজেদের সেরা কাজ উৎসবে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
আয়োজকেরা জানিয়েছেন, চলচ্চিত্রের দৈর্ঘ্যের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই। mov অথবা mp4 ফরম্যাটে চলচ্চিত্র জমা দেওয়া যাবে। ড্রাইভ লিংক পাঠাতে হবে submit@nybanglaff.org ই-মেইল ঠিকানায়। এছাড়া FilmFreeway প্ল্যাটফর্মের মাধ্যমেও চলচ্চিত্র জমা দেওয়া যাবে।
অলিভ আহমেদ জানান, আগামী বছরের শুরুতে নিউইয়র্কে অনুষ্ঠিত হবে উৎসবটি। শিগগিরই ওয়েবসাইট ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উৎসবের তারিখ ও ভেন্যু জানানো হবে।
উল্লেখ্য, ২০২৫ সালে প্রথমবারের মতো আয়োজন করা হয় নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল। দ্বিতীয় আসরটি আয়োজন করবে রক পেপার সিজার এন্টারটেইনমেন্ট। এতে যৌথ সহযোগিতায় রয়েছে প্রিয়জন ফিল্মস ও লেমন স্টুডিও। সার্বিক সহযোগিতা করবে আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন (এবিপিএ)।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত