
ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৭ বার পঠিত | পড়ুন মিনিটে

সম্প্রতি একটি বিজ্ঞাপনে একসঙ্গে দেখা গেছে বলিউডের সুপারস্টার শাহরুখ খান, আলিয়া ভাট ও রণবীর কাপুরকে। বিজ্ঞাপনটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকেই এই তিন তারকাকে একসঙ্গে পূর্ণাঙ্গ কোনো চলচ্চিত্রে দেখার দাবি জানিয়েছেন।
বিজ্ঞাপনটিতে তিন তারকাকে একে অপরের সঙ্গে খুনসুটি করতে দেখা যায়। একপর্যায়ে তারা অনিচ্ছাসত্ত্বেও ২০১২ সালের ‘খিলাড়ি ৭৮৬’ সিনেমায় অক্ষয় কুমারের জনপ্রিয় গান ‘হুকা বার’-এর তালে নাচতে শুরু করেন।
বিজ্ঞাপনটি শুরু হয় তিন তারকার নিজেদের জনপ্রিয় সিনেমা থেকে অনুপ্রাণিত কিছু ধারণা নিয়ে কথোপকথনের মধ্য দিয়ে। শাহরুখ ‘ডন’-এর প্রসঙ্গ টানেন, আর রণবীর উল্লেখ করেন ‘রকস্টার’-এর কথা। এরপর আলিয়া তার সিনেমা ‘জিগরা’র প্রসঙ্গ তোলেন।
একপর্যায়ে শাহরুখের প্রস্তাব নিয়ে মজা করে রণবীর বলেন, ‘ইস অ্যাড কো ঝেলনা মুশকিল হি নহি, নামুমকিন হ্যায়’। অর্থাৎ, ‘এই বিজ্ঞাপনটি সহ্য করা শুধু কঠিনই নয়, বরং অসম্ভব।’
রণবীরকে উদ্দেশ করে আলিয়া বলেন, ‘ও নাদান পরিন্দে, বৈঠ যা’। অর্থাৎ, ‘ওহে অবোধ পাখি, বসে পড়ো’। এরপর আলিয়া নিজের প্রস্তাব তুলে ধরেন। তখন কিং খান তার প্রস্তাব নিয়ে রসিকতা করে বলেন, ‘ইসে দেখনে কা জিগরা কিসি মে নহি হ্যায়’। অর্থাৎ, ‘এটি দেখার সাহস কারও নেই।’
তিন তারকার এই মজার কথোপকথন ও রসায়ন ভক্তদের নজর কেড়েছে। অনেকেই তাদের একসঙ্গে কোনো সিনেমায় কাস্ট করার আহ্বান জানিয়েছেন। কেউ কেউ বিজ্ঞাপনটির সৃজনশীলতারও প্রশংসা করেছেন।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত