
ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৮ বার পঠিত | পড়ুন মিনিটে

ছোট বয়সেই টেলিভিশনের পর্দায় যাত্রা শুরু করেছিলেন সেলেনা গোমেজ। এরপর অভিনয়, সংগীত ও ফ্যাশন—সব অঙ্গনেই নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন এই তারকা। সময়ের সঙ্গে তাঁর সাজপোশাকে এসেছে নানা পরিবর্তন। তবে আভিজাত্য ও স্বকীয়তায় বরাবরই নজর কেড়েছেন তিনি।
২০২৬ সালের এমি অ্যাওয়ার্ডসের লাল গালিচায় এবারও সবার নজর কাড়লেন সেলেনা। সোনালি ধাতব পুঁতি খচিত মারমেইড গাউনে তাঁকে দেখা যায় রাজকীয় সাজে। ফরাসি বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড লুই ভুইতোঁর বিশেষভাবে তৈরি পোশাকটি তাঁর সৌন্দর্যে যোগ করে ভিন্ন মাত্রা।
পোশাকের সঙ্গে মিলিয়ে সেলেনার সাজেও ছিল পরিমিতির ছাপ। হীরা ও সোনার অলঙ্কারে সেজেছিলেন তিনি। তাঁর স্টাইলিংয়ের দায়িত্বে ছিলেন এরিন ওয়ালশ। সব মিলিয়ে এমির লাল গালিচায় সেলেনার উপস্থিতি হয়ে ওঠে সন্ধ্যার অন্যতম আকর্ষণ।
তবে এবারের এমি অ্যাওয়ার্ডস সেলেনার জন্য শুধু ফ্যাশনের ঝলক দেখানোর আয়োজন ছিল না। এর সঙ্গে জড়িয়ে ছিল তাঁর অভিনয়জীবনের একটি আবেগঘন অধ্যায়ও।
জনপ্রিয় সিরিজ ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’-এর সঙ্গে দীর্ঘদিনের পথচলায় অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন সেলেনা। ২০২২ সালে নির্বাহী প্রযোজক হিসেবে প্রথম এমি মনোনয়ন পাওয়ার পর থেকেই এই আয়োজনের লাল গালিচায় তাঁর উপস্থিতি বাড়তি আগ্রহ তৈরি করেছে।
প্রতিবারই সেলেনার পোশাক ও সাজ নিয়ে আলোচনা হয়েছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে ঝলমলে এই রাতের আড়ালে ছিল খানিকটা মনখারাপের আবহ।
‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’-এর শেষ মৌসুমের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। ফলে এই সিরিজকে ঘিরে এমির লাল গালিচায় সেলেনার পরিচিত উপস্থিতিও হয়তো শেষবারের মতো দেখা গেল।
রাজকীয় সাজে মুগ্ধতা ছড়ানোর পাশাপাশি প্রিয় এক অধ্যায়ের বিদায়বেলাও যেন অনুভব করলেন সেলেনা।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত