
ডেস্ক রিপোর্ট | সোমবার, ১০ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ১৬ বার পঠিত | পড়ুন মিনিটে

আইপিএলের দলবদলের বাজারে ফের আলোচনায় হার্দিক পান্ডিয়া। মুম্বাই ইন্ডিয়ান্সের এই অলরাউন্ডারকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও চেন্নাই সুপার কিংস (সিএসকে)। লখনউ সুপার জায়ান্টস ও রাজস্থান রয়্যালসও তার প্রতি আগ্রহী বলে জানা গেছে।
সর্বশেষ মৌসুম শেষ হওয়ার পর থেকেই হার্দিকের মুম্বাই ছাড়ার গুঞ্জন চলছে। তবে ফ্র্যাঞ্চাইজিটি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, হার্দিককে নিয়ে আগ্রহী দলগুলোর সঙ্গে যোগাযোগ হয়েছে এবং তাদের কাছ থেকে সাড়াও মিলেছে। তবে আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে।
২০২৪ সাল থেকে ব্যাট হাতে হার্দিকের পরিসংখ্যান খুব একটা উজ্জ্বল নয়। প্রতিটি মৌসুমেই ২৫-এর নিচে গড়ে ২২৫-এর কম রান করেছেন তিনি। তবে প্রায় ১৫০ স্ট্রাইক রেটে রান করার পাশাপাশি নিয়েছেন ২৯ উইকেট। নেতৃত্ব, অভিজ্ঞতা ও অলরাউন্ড দক্ষতার কারণে তার চাহিদা এখনো রয়েছে।
গুজরাট টাইটানসকে প্রথম মৌসুমেই আইপিএল শিরোপা জেতানো হার্দিক আর মুম্বাইয়ের সাম্প্রতিক সময়ের হার্দিক—দুই চেহারাই এখন আলোচনায়। তাই তাকে দলে নেওয়ার আগে ফ্র্যাঞ্চাইজিগুলোকে তার বর্তমান পারফরম্যান্সের পাশাপাশি নেতৃত্বগুণও বিবেচনায় নিতে হবে।
এদিকে হার্দিককে নিয়ে এখনো কোনো পরিকল্পনা শুরু করেনি চেন্নাই। নতুন কোচ নিয়োগের পরই দলটির খেলোয়াড় পরিকল্পনা চূড়ান্ত হবে বলে জানিয়েছেন সিইও কাশি বিশ্বনাথন।
অন্যদিকে বেঙ্গালুরুর ‘সেন্টার অব এক্সিলেন্স’-এ অনুশীলন করছেন হার্দিক। প্রায় পুরোপুরি ফিট এই অলরাউন্ডার এখন অপেক্ষায় মুম্বাই ইন্ডিয়ান্সের সিদ্ধান্তের।
হার্দিককে ঘিরে দলবদলের সমীকরণ এখন কোন দিকে যায়, সেটিই দেখার বিষয়।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত