
ডেস্ক রিপোর্ট | সোমবার, ১০ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ১৩ বার পঠিত | পড়ুন মিনিটে

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তাতারস্তান প্রজাতন্ত্রের নিঝনেকামস্ক শহরে এক শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৯ জন। তবে হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি কিয়েভ।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, রাত থেকে সকাল পর্যন্ত কয়েক ঘণ্টা ধরে নিঝনেকামস্কে ড্রোন হামলা চালানো হয়। ইউক্রেন সীমান্ত থেকে শহরটির দূরত্ব এক হাজার ১০০ কিলোমিটারেরও বেশি। সেখানে বেশ কয়েকটি বড় তেল শোধনাগার ও একটি বিশাল পেট্রোকেমিক্যাল শিল্প প্রতিষ্ঠান রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী ও আগুনের শিখা দেখা গেছে। পাশাপাশি বিমান হামলার সতর্কতামূলক সাইরেনের শব্দও শোনা যায়। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে রাশিয়ার পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে কিয়েভ সাম্প্রতিক সময়ে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় রাজস্ব ও কারিগরি সহায়তা জোগায়—এমন শিল্প ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হামলা জোরদার করেছে।
রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, হামলায় আবাসিক এলাকার পাশাপাশি শিল্প স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে সামরিক অভিযানের সঙ্গে সম্পৃক্ত নন—এমন বেসামরিক লোকজনও উপস্থিত ছিলেন।
তাতারস্তানের প্রধান রুস্তম মিন্নিখানভ হামলার বিষয়টি নিশ্চিত করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। নিঝনেকামস্কের মেয়র রাদমির বেলায়েভ ঘটনাটিকে ‘গভীর বেদনাদায়ক’ বলে উল্লেখ করেছেন। হামলার পর তাতারস্তানে শোক ঘোষণা করা হয়েছে।
রাশিয়া জানিয়েছে, রাতের বেলায় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৪৫০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। সাম্প্রতিক সময়ে রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার ড্রোন হামলা বাড়িয়েছে ইউক্রেন। এসব হামলায় সামরিক ও জ্বালানি অবকাঠামোর পাশাপাশি বেসামরিক হতাহতের ঘটনাও ঘটছে।
অন্যদিকে রাশিয়াও ইউক্রেনের বিভিন্ন শহর ও আবাসিক এলাকায় নিয়মিত বিমান হামলা চালিয়ে যাচ্ছে। গত সপ্তাহে কিয়েভে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ২১ জন নিহত হন। এছাড়া খারকিভে রুশ গোলাবর্ষণে নিহত হন আরও পাঁচজন।
সূত্র: বিবিসি

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত