
ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ২ বার পঠিত | পড়ুন মিনিটে

দীর্ঘ অপেক্ষা ও নানা সমীকরণের অবসান ঘটিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। অন্যদিকে, বিশ্বকাপের মূল পর্বে জায়গা পেতে বাছাইপর্ব খেলতে হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে।
বাংলাদেশ, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লড়াই চলছিল। এর মধ্যে সবার আগে আফগানিস্তান এবং পরে বাংলাদেশ বাছাইপর্ব না খেলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।
আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষ আটে থাকা দলগুলো সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তবে স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি বিশ্বকাপে খেলবে। দক্ষিণ আফ্রিকা র্যাংকিংয়ের শীর্ষ আটে থাকায় শীর্ষ নয় দল সরাসরি বিশ্বকাপে জায়গা পাবে।
বেলফাস্টে আয়ারল্যান্ডকে হারিয়ে আফগানিস্তান বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার পর বাংলাদেশের সমীকরণও পরিষ্কার হয়ে যায়। র্যাংকিংয়ের হিসাব অনুযায়ী, বাছাইপর্ব ছাড়াই বিশ্বকাপে খেলবে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।
৩০ সেপ্টেম্বরের আগে ওয়েস্ট ইন্ডিজের ভারতের বিপক্ষে দুটি ওয়ানডে ম্যাচ রয়েছে। তবে ওই দুই ম্যাচে জয় পেলেও বাংলাদেশকে টপকে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সুযোগ নেই ক্যারিবীয়দের।
ফলে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত হওয়ার পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বাছাইপর্ব খেলাও নিশ্চিত হয়েছে। এ নিয়ে টানা তৃতীয়বার বিশ্বকাপের মূল পর্বে উঠতে বাছাইপর্বের বাধা পেরোতে হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত