
জেলা প্রতিনিধি | সোমবার, ১০ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ১৬ বার পঠিত | পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকালে সদর উপজেলার হাবলা উচ্চ আদর্শ উচ্চ বিদ্যালয়ে তরী বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে তরী বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার সদস্য সচিব নোমান আহমেদের সঞ্চালনায় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শামীম আহমেদ, কেন্দ্রীয় সদস্য নাজমুল খান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা সীমা পোদ্দার, সিনিয়র শিক্ষক মোশাররফ হোসেন, সদর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক জুবাইদুর রহমান মেহেদী, মো. ইলিয়াছ চৌধুরী ও সমাজসেবক আব্দুর রহমান লিটন।
বক্তারা বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে বিদ্যালয়ভিত্তিক বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তারা আরও বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই।
অনুষ্ঠানে তরী বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার আহ্বায়ক মোবারক আলম ভূঁইয়া, সদস্য ওমর ফারুক হৃদয়সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত