
ডেস্ক রিপোর্ট | সোমবার, ১০ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ১১ বার পঠিত | পড়ুন মিনিটে

জুলাই মাসের আইসিসি পুরুষ ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের জন্য তিন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মনোনীতদের তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান। তার সঙ্গে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস ও ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক।
জুলাইয়ে ব্যাট ও বল হাতে দারুণ পারফরম্যান্স করেছেন গ্রিভস। শ্রীলঙ্কার বিপক্ষে নর্থ সাউন্ড টেস্টে ১৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। পরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বল হাতে নেন ৮ উইকেট। দুই টেস্টে ২১৫ রান ও ৮ উইকেট নিয়ে মাসটি দারুণ কাটে এই ক্যারিবীয় অলরাউন্ডারের।
অন্যদিকে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে আলো ছড়ান হ্যারি ব্রুক। পাঁচ ম্যাচে ২২৯ রান করেন ইংলিশ অধিনায়ক। তার স্ট্রাইক রেট ছিল ২১৪.০১। দুর্দান্ত পারফরম্যান্সে সিরিজসেরার পুরস্কারও জেতেন ব্রুক।
তবে বাংলাদেশের হয়ে মনোনয়ন পেয়েছেন তানজিদ হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিন ম্যাচে ৫৩ গড়ে ১৫৯ রান করেন বাঁহাতি এই ওপেনার। তার স্ট্রাইক রেট ছিল ৮৯.৮৩।
টি-টোয়েন্টি সিরিজেও ব্যাট হাতে ধারাবাহিক ছিলেন তানজিদ। তিন ম্যাচে ৭০ গড়ে করেন ১৪০ রান, স্ট্রাইক রেট ১২৭.২৭। দুই ফরম্যাট মিলিয়ে জুলাইয়ে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি।
এই পারফরম্যান্সের স্বীকৃতিই মিলেছে আইসিসির মাসসেরা ক্রিকেটারের মনোনয়নে। এখন গ্রিভস, ব্রুক ও তানজিদের মধ্য থেকে নির্বাচিত হবেন জুলাইয়ের সেরা খেলোয়াড়।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত