
জেলা প্রতিনিধি | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১৫ বার পঠিত | পড়ুন মিনিটে

কুমিল্লার দাউদকান্দিতে রিকশাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের মাঝখানে রয়েল পরিবহনের একটি বাস উল্টে ২৫ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ভেকিনগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী রয়েল পরিবহনের বাসটি দ্রুতগতিতে আসা একটি রিকশাকে রক্ষা করতে গিয়ে হঠাৎ ব্রেক করে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কের মাঝখানে উল্টে যায়। দুর্ঘটনার পর বাসে থাকা প্রায় ৫০ যাত্রী ভেতরে আটকা পড়েন।
যাত্রীদের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে হাইওয়ে পুলিশ ও দাউদকান্দি ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বাসের ভেতর থেকে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন।
দুর্ঘটনায় আহত ২৫ জনকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চান্দিনা উপজেলার মাধাইয়া থেকে দাউদকান্দির রায়পুর পর্যন্ত প্রায় আট কিলোমিটার এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনাকবলিত বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি প্রেমদাস রায় জানান, বাসটি মহাসড়কের মাঝখানে উল্টে গেলেও যাত্রীদের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এবং বাসটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত