
জেলা প্রতিনিধি | সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩ বার পঠিত | পড়ুন মিনিটে

ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও রডবোঝাই ট্রাকের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালকের একটি পা বিচ্ছিন্ন হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ভোর ৬টার দিকে মধুখালী বাজারের মরিচবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাগুরা থেকে আসা রডবোঝাই একটি ট্রাক সেঁজুতি আয়রন অ্যান্ড স্টিলের সামনে রড নামানোর জন্য ঘোরানো হচ্ছিল। এ সময় কালীগঞ্জ থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ট্রাকটির মাঝামাঝি অংশে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের যাত্রী, চালক ও সহকারীসহ অন্তত ৫০ জন আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় ট্রাকের ভেতরে আটকা পড়েন চালক। পরে তার একটি পা কেটে তাকে উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে গন্তব্যে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-ঠিকানা জানা যায়নি।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত