
ডেস্ক রিপোর্ট | সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৬ বার পঠিত | পড়ুন মিনিটে

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও ব্যাপক প্রাণহানির প্রতিবাদে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে বিক্ষোভ করেছেন দুই লাখের বেশি মানুষ। ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সীমিত করা এবং দেশটিতে সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে রাজপথে নামেন তাঁরা।
স্থানীয় সময় গতকাল রোববার আমস্টারডামের বিভিন্ন সড়কে বিক্ষোভকারীদের ঢল নামে। অংশগ্রহণকারীদের অনেকের পরনে ছিল লাল পোশাক। ‘রেড লাইন’ নামে পরিচিত এ কর্মসূচির অন্যতম আয়োজক অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নেদারল্যান্ডস শাখার তথ্যমতে, বিক্ষোভে দুই লাখের বেশি মানুষ অংশ নেন।
বিক্ষোভে অংশ নেওয়া মাইক ভ্যান ডংগেন বলেন, গাজায় যা ঘটছে, তা কোনোভাবেই মানবিক হতে পারে না। অথচ পরিস্থিতি মোকাবিলায় নেদারল্যান্ডস সরকার কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না। ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রেও সরকারের সাহসের অভাব রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বিক্ষোভ চলাকালে আমস্টারডামের একটি সড়কের পাশের বাসস্টপে দাঁড়িয়ে মাইকে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে স্লোগান দেন এক ব্যক্তি। তিনি ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিলে মিছিলে অংশ নেওয়া অনেকেই তাঁর সঙ্গে কণ্ঠ মেলান।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় অন্তত ৭৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ২১ হাজার শিশু রয়েছে।
দীর্ঘদিন ধরে চলা এই সংঘাতে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির ঘটনায় আন্তর্জাতিক মহলে সমালোচনা অব্যাহত রয়েছে। তবে পরিস্থিতির কার্যকর পরিবর্তন না হওয়ায় বিভিন্ন দেশে প্রতিবাদ ও বিক্ষোভও অব্যাহত রয়েছে।
নেদারল্যান্ডসে ইসরায়েলের বিরুদ্ধে এ ধরনের বিক্ষোভ অবশ্য নতুন নয়। এর আগে গত বছরের অক্টোবরের শুরুতে আমস্টারডামে ‘রেড লাইন’ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। একই দাবিতে গত বছরের জুনে হেগ শহরের রাজপথেও বিক্ষোভ করেন হাজারো মানুষ।
সূত্র: আল-জাজিরা।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত