
জেলা প্রতিনিধি | সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৫ বার পঠিত | পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদরে ডোলভাঙা নদীর ওপর নির্মিত গুরুত্বপূর্ণ সেতু দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে একশ্রেণির ব্যবসায়ীর বিরুদ্ধে। এতে প্রতিদিন সৃষ্টি হচ্ছে যানজট। চরম দুর্ভোগে পড়ছেন পথচারী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
উপজেলা সদরের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত সেতুটি দিয়ে প্রতিদিন সকাল থেকে রাত ১২টা পর্যন্ত অসংখ্য মানুষ ও যানবাহন চলাচল করে। দিনের বেলায় রিকশা, অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রোবাস ও মালবাহী ট্রাক চলাচলের কারণে সেতুটিতে যানবাহনের চাপ থাকে। এর ওপর সেতু দখল করে ব্যবসা পরিচালনা করায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে এবং প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে।
বিশেষ করে স্কুল চলাকালে শিক্ষার্থীদের যাতায়াতে চরম বিঘ্ন ঘটছে। সেতু পারাপারের সময় শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকতে হচ্ছে।
স্থানীয়দের কাছে বিষয়টি আরও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ সেতুটি থেকে উপজেলা পরিষদের দূরত্ব মাত্র ২০০ গজ। প্রশাসনিক কার্যালয়ের এত কাছে সেতু দখল করে ব্যবসা পরিচালিত হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিকেরা।
সেতুটি দখলমুক্ত করে যানবাহন ও পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন বাঞ্ছারামপুরবাসী।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত