
ডেস্ক রিপোর্ট | সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৬ বার পঠিত | পড়ুন মিনিটে

বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল বরাবরই ছেলেকে জনসমক্ষে আনার বিষয়ে সতর্ক ছিলেন। ছেলের বেড়ে ওঠার নানা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলেও এত দিন তার মুখ প্রকাশ করেননি তাঁরা। তবে এবার দীপাবলির বিশেষ আয়োজনে প্রথমবারের মতো ছেলে ভিহানের মুখের ছবি প্রকাশ করেছেন এই তারকা দম্পতি।
৭ নভেম্বর ছিল ভিহানের প্রথম জন্মদিন। এর এক দিন পর দীপাবলি উপলক্ষে পরিবারের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন ক্যাটরিনা ও ভিকি। ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্তদের নজর কেড়েছে ছোট্ট ভিহান।
রবিবার ইনস্টাগ্রামে ছবিগুলো শেয়ার করে ভক্তদের দীপাবলির শুভেচ্ছা জানান তাঁরা। ক্যাপশনে লেখেন, ‘আমাদের সবচেয়ে উজ্জ্বল দীপাবলি। সবাইকে ভালোবাসা, আলো ও আনন্দের শুভেচ্ছা।’ বার্তার শেষে নিজেদের নামের পাশাপাশি ছেলে ভিহানের নামও উল্লেখ করেন তাঁরা।
ছবিতে ক্যাটরিনাকে হলুদ রঙের ঐতিহ্যবাহী পোশাকে দেখা গেছে। অন্যদিকে ভিকি কৌশলের পরনে ছিল ক্রিম রঙের শেরওয়ানি। দুজনের মাঝখানে দাঁড়িয়ে থাকা ভিহানের ছবিই সবচেয়ে বেশি নজর কেড়েছে ভক্তদের।
উল্লেখ্য, ২০২১ সালে বিয়ে করেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। ২০২৫ সালে তাঁদের ঘরে জন্ম নেয় ছেলে ভিহান। সন্তানের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় শুরু থেকেই সচেতন ছিলেন এই তারকা দম্পতি। এবার প্রথমবারের মতো ছেলের মুখ প্রকাশ করায় ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত