
ডেস্ক রিপোর্ট | সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৪ বার পঠিত | পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি হিসেবে আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের (ইউএফসি) প্রধান নির্বাহী ডানা হোয়াইটের নাম প্রস্তাবের পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে বিষয়টি নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হলেও ট্রাম্প জানিয়েছেন, ডানা হোয়াইটকে নিয়োগ দেওয়ার প্রস্তাবটি ছিল নিছক রসিকতা।
গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডানা হোয়াইটকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব নেওয়ার আহ্বান জানান ট্রাম্প। তাঁকে ‘যোদ্ধা ও লড়াকু’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, হোয়াইট দায়িত্ব নিলে ইউএফসির কয়েকজন খ্যাতিমান যোদ্ধাকেও সহকারী হিসেবে সঙ্গে আনতে পারেন। তাঁদের দিয়ে ‘উন্মাদ বামপন্থীদের’ বিরুদ্ধে লড়াই করার কথাও বলেন তিনি।
ট্রাম্পের পোস্টে সম্ভাব্য সহকারী হিসেবে ছয়জন বর্তমান ও সাবেক ইউএফসি চ্যাম্পিয়নের নাম ও ছবি যুক্ত করা হয়। তাঁদের মধ্যে রয়েছেন রাশিয়ার দাগেস্তান অঞ্চলের ইসলাম মাখাচেভ ও খাবিব নুরমাগোমেদভ, যুক্তরাষ্ট্রের জাস্টিন গেইথজে ও ড্যানিয়েল করমিয়ের, কায়লা হ্যারিসন এবং ব্রাজিলীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক আমান্ডা নুনেস।
এ বিষয়ে জানতে চাইলে ডানা হোয়াইট জানান, সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে। তবে নিজের বর্তমান দায়িত্বের ব্যস্ততার কথাও উল্লেখ করেন তিনি। হোয়াইট বলেন, তাঁর হাতে ইতিমধ্যে অনেক কাজ রয়েছে। বৈঠকের পর এ বিষয়ে আরও কথা বলতে পারবেন।
এরপর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে হোয়াইট হাউসের ব্রিফিং কক্ষের পোডিয়ামের সামনে দাঁড়ানো একটি ছবি প্রকাশ করেন ডানা হোয়াইট। ছবির সঙ্গে ‘নতুন অধ্যায়ের পথে’ লেখাটি যুক্ত করেন তিনি। এতে তাঁর সম্ভাব্য নিয়োগ নিয়ে জল্পনা আরও বাড়ে।
তবে রবিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, বিষয়টি নিয়ে তিনি মজা করেছিলেন। ডানা হোয়াইট দায়িত্ব নিতে আগ্রহী বলে দাবি করলেও প্রস্তাবটি যে গুরুত্ব দিয়ে দেওয়া হয়নি, তা স্পষ্ট করেন তিনি। ইউএফসি যোদ্ধাদের সহকারী হিসেবে নিয়োগের কথাটিও রসিকতার অংশ ছিল বলে জানান ট্রাম্প।
ট্রাম্পের সঙ্গে দুই দশকের বেশি সময়ের ঘনিষ্ঠতা
ডানা হোয়াইটের সঙ্গে ট্রাম্পের পরিচয় দুই দশকেরও বেশি সময়ের। ২০০১ সালে নানা সমালোচনা ও ব্যবসায়িক সংকটের মুখে থাকা ইউএফসি ট্রাম্পের মালিকানাধীন নিউ জার্সির আটলান্টিক সিটির তাজমহল ক্যাসিনোতে একটি প্রতিযোগিতা আয়োজনের সুযোগ পায়। সেই সময় থেকেই দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।
একই বছর দুই ক্যাসিনো ব্যবসায়ী বন্ধুকে ইউএফসি কিনতে রাজি করান ডানা হোয়াইট। মাত্র ২০ লাখ ডলারে প্রতিষ্ঠানটি কেনার পর তাঁকে এর প্রেসিডেন্ট করা হয়। পরবর্তী সময়ে বড় বড় লড়াই আয়োজন এবং টেলিভিশনে অর্থের বিনিময়ে খেলা দেখানোর ব্যবস্থা করে ইউএফসিকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তোলেন তিনি।
২০১৬ সালে প্রতিষ্ঠানটি চার বিলিয়ন ডলারে বিক্রি হয়। ২০২৩ সালে ডব্লিউডব্লিউইর সঙ্গে একীভূত হওয়ার পর ইউএফসির প্রধান নির্বাহী হন হোয়াইট।
ট্রাম্পের রাজনৈতিক কর্মকাণ্ডেও দীর্ঘদিন ধরে সমর্থন দিয়ে আসছেন ডানা হোয়াইট। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্মেলনে ট্রাম্পের পক্ষে বক্তব্য দেন তিনি। ২০২০ সালের নির্বাচনেও ট্রাম্পকে সমর্থন জানান এবং তাঁর নির্বাচনী প্রচারে ১০ লাখ ডলার অনুদান দেন।
২০২৪ সালের নির্বাচনেও তরুণ ভোটারদের কাছে ট্রাম্পের গ্রহণযোগ্যতা বাড়াতে ইউএফসি প্রধান ভূমিকা রেখেছিল বলে মনে করা হয়। ট্রাম্প নিজেও বিভিন্ন সময়ে বলেছেন, ডানা হোয়াইট তাঁকে এমন কিছু তরুণ ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালীদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন, যাঁদের সঙ্গে আগে তাঁর যোগাযোগ ছিল না।
হোয়াইট হাউসে ইউএফসির প্রভাব বাড়ছে
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের সঙ্গে ইউএফসির সম্পর্ক আরও দৃশ্যমান হয়েছে। চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে হোয়াইট হাউসের দক্ষিণ লনে ইউএফসির বিশেষ আয়োজন ‘ইউএফসি ফ্রিডম ২৫০’ অনুষ্ঠিত হয়। এর আগে লিংকন মেমোরিয়ালের সিঁড়িতে যোদ্ধাদের ওজন মাপার অনুষ্ঠানও আয়োজন করা হয়েছিল।
তবে এসব আয়োজন নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ওঠে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রতিযোগিতার কয়েক মাস আগে ট্রাম্প ইউএফসির মূল প্রতিষ্ঠান টিকেও হোল্ডিংসের সর্বোচ্চ ৫০ হাজার ডলারের শেয়ার কিনেছিলেন। সরকারি স্থাপনা বাণিজ্যিক আয়োজনে ব্যবহারের বৈধতা নিয়েও মামলা হয়।
এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদটি কয়েক সপ্তাহ ধরে শূন্য রয়েছে। গত আগস্টের শেষ দিকে কারোলিন লেভিট দায়িত্ব ছাড়ার পর অক্টোবরে কেটি জাকারিয়াকে নিয়োগ দেওয়া হয়। তবে মাত্র পাঁচ দিন দায়িত্ব পালনের পর তাঁকেও পদ ছাড়তে হয়। ফলে নতুন মুখপাত্র নিয়োগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি করার ধারণা নিয়ে ডেমোক্র্যাট নেতারা সমালোচনা করেছেন। তাঁদের কেউ কেউ একে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয় থেকে জনমনের দৃষ্টি সরানোর চেষ্টা হিসেবে দেখছেন। কলোরাডো থেকে নির্বাচিত ডেমোক্র্যাট প্রতিনিধি মেলাত কিরোস বলেছেন, এমন প্রস্তাব ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ডকে কতটা গুরুত্বহীন করে তুলছে, তা বোঝা যায়। সিনেটর মার্ক কেলিও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
বিশ্লেষকদের মতে, ডানা হোয়াইটের সঙ্গে ট্রাম্পের দীর্ঘদিনের ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্ক এবং তরুণ ভোটারদের মধ্যে ইউএফসির জনপ্রিয়তা প্রেসিডেন্টের এমন ভাবনার পেছনে ভূমিকা রেখেছে। তবে প্রেস সেক্রেটারির দায়িত্ব শুধু রাজনৈতিক আনুগত্যের বিষয় নয়। প্রশাসনের নীতি ব্যাখ্যা, সংবাদমাধ্যমের প্রশ্নের জবাব দেওয়া এবং জনসমক্ষে সরকারের অবস্থান তুলে ধরাও এ পদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
সব মিলিয়ে ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি নিয়োগের বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হলেও ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, আপাতত এটি বাস্তব কোনো সিদ্ধান্ত নয়।
তথ্যসূত্র: আলজাজিরা।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত