
ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৪ বার পঠিত | পড়ুন মিনিটে

সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া চারটি ড্রোন ও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংসের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।
বৃহস্পতিবার (১ অক্টোবর) জোটের মুখপাত্র মেজর জেনারেল তুরকি আল-মালিকি এ তথ্য জানান।
আল-মালিকি বলেন, খামিস মুশাইতের আকাশসীমায় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চারটি ড্রোন ধ্বংস করা হয়েছে। এছাড়া জাজান এলাকায় আরেকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়।
সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, প্রতিহত করা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ খামিস মুশাইতের একটি আবাসিক এলাকায় পড়ে। এতে কয়েকটি ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পর ওই এলাকায় জরুরি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
মেজর জেনারেল তুরকি আল-মালিকি বলেন, হুতিদের হামলা প্রতিহত এবং তাদের কর্মকাণ্ড নিরুৎসাহিত করতে সৌদি নেতৃত্বাধীন জোট প্রয়োজনীয় সামরিক ব্যবস্থা অব্যাহত রাখবে।
সাম্প্রতিক সময়ে সৌদি আরবকে লক্ষ্য করে হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বেড়েছে। এর আগে শনিবার সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, রিয়াদমুখী দুটি ড্রোন এবং খামিস মুশাইতের দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।
এর দুই দিন আগে ইয়ানবু ও তাইফের দিকে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবিও করেছিল সৌদি নেতৃত্বাধীন জোট।
সূত্র: আরব নিউজ ও আল-জাজিরা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত