
ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ২ বার পঠিত | পড়ুন মিনিটে

এশিয়ান গেমসে নারী হকিতে সিঙ্গাপুরকে হারিয়ে নবম স্থান অর্জন করেছে বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পর পেনাল্টি শুটআউটে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় বাংলার মেয়েরা। এর মধ্য দিয়ে নিজেদের প্রথম এশিয়ান গেমস অভিযান নবম হয়ে শেষ করল বাংলাদেশ।
শুক্রবার (২ অক্টোবর) জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলতে থাকে দুই দল। তবে প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। ম্যাচের ১০ মিনিটে দুর্দান্ত এক ফিল্ড গোল করে দলকে এগিয়ে দেন আইরিন আক্তার রিয়া।
লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ। বিরতির পর অবশ্য ম্যাচের চিত্র বদলে যায়। ৪২ মিনিটে হলুদ কার্ড দেখে সাময়িকভাবে মাঠের বাইরে যান বাংলাদেশের লিমা আক্তার। ফলে কিছু সময় ১০ জন নিয়ে খেলতে হয় বাংলাদেশকে।
এই সুযোগ কাজে লাগায় সিঙ্গাপুর। ৪৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে সমতায় ফেরান তৌ লি মিন। এরপর নির্ধারিত সময়ের বাকি অংশে দুই দলই গোলের চেষ্টা করলেও আর জালের দেখা পায়নি।
১-১ গোলে ম্যাচ শেষ হওয়ায় জয় নির্ধারণে গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে সিঙ্গাপুরকে ২-১ ব্যবধানে হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
দারুণ এই জয়ে এশিয়ান গেমসে নারী হকিতে নবম স্থান অর্জন করে নিজেদের প্রথম আসর শেষ করল বাংলাদেশের মেয়েরা।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত