
ডেস্ক রিপোর্ট | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৯ বার পঠিত | পড়ুন মিনিটে

বলিউডে সিনেমা থেকে বাদ পড়ার তিক্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী তাপসী পান্নু। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দুটি সিনেমা থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল ভিন্ন ভিন্ন কারণে। এর মধ্যে একবার কোনো স্পষ্ট কারণই জানানো হয়নি। আরেকবার তাকে যে কারণ দেখানো হয়েছিল, সেটিকে তাপসী বলেছেন ‘সবচেয়ে খারাপ কারণ’।
তাপসী জানান, একটি সিনেমায় অভিনয়ের বিষয়ে তার সঙ্গে আগেই আলোচনা হয়েছিল। সেই অনুযায়ী নিজের সময়ও বরাদ্দ করেছিলেন তিনি। কিন্তু পরে জানতে পারেন, সিনেমাটির নায়কই তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
কেন তাকে বাদ দেওয়া হলো—এ বিষয়ে বারবার জানতে চাইলেও কোনো নির্দিষ্ট কারণ পাননি তাপসী। তার ভাষায়, নায়ক হয়তো অনিরাপত্তায় ভুগছিলেন, অথবা এমন কাউকে চেয়েছিলেন যার সঙ্গে তার বেশি ঘনিষ্ঠতা ছিল—এমন নানা কারণই তিনি মনে মনে ভেবেছেন। তবে প্রকৃত কারণ তার কাছে কখনোই পরিষ্কার করা হয়নি।
তবে দ্বিতীয় ঘটনাটি আরও বেশি অস্বস্তিকর বলে জানিয়েছেন তাপসী। সিনেমা থেকে বাদ দেওয়ার কারণ জানতে চাইলে তাকে সরাসরি বলা হয়েছিল, ‘নায়কের স্ত্রী আপনাকে পছন্দ করেন না।’
তাপসীর কাছে এটিই ছিল সিনেমা থেকে বাদ পড়ার ‘সবচেয়ে খারাপ কারণ’। তবে ওই সিনেমার নায়ক কিংবা তার স্ত্রীর নাম প্রকাশ করেননি তিনি।
শুধু সিনেমা থেকে বাদ পড়ার অভিজ্ঞতাই নয়, অভিনয়ের ক্ষেত্রে নিজের পছন্দ নিয়েও কথা বলেছেন তাপসী। একই ধরনের চরিত্রে নিজেকে আটকে রাখতে চান না তিনি। তাই কখনো কখনো পছন্দের চরিত্র না হলে সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেন।
তাপসীর মতে, গ্ল্যামারাস চরিত্রের জন্য কিছু নির্দিষ্ট অভিনেত্রী এবং কঠিন বা সামাজিক ইস্যুভিত্তিক সিনেমার জন্য অন্য কয়েকজন অভিনেত্রীকে বেছে নেওয়ার প্রবণতা রয়েছে। দর্শক যেন সিনেমার গল্প বা পরিণতি সহজেই অনুমান করতে না পারেন, সে কারণেও তিনি কিছু প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
সম্প্রতি তাপসীকে ‘আসসি’ ও ‘গান্ধারি’ সিনেমায় দেখা গেছে। অনুভব সিনহা পরিচালিত ‘আসসি’তে তিনি আইনজীবী রাভি ভাটকলের চরিত্রে অভিনয় করেছেন। অন্যদিকে দেবাশিস মাখিজা পরিচালিত ‘গান্ধারি’ সিনেমায় মেয়েকে অপহরণের পর তাকে খুঁজতে বের হওয়া এক মায়ের চরিত্রে দেখা গেছে তাকে।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত