
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ১ বার পঠিত | পড়ুন মিনিটে

রাজধানীর দক্ষিণ গুলশানে অনুমোদিত সীমার বাইরে শুল্কমুক্ত মদ মজুতের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর চারটি ওয়্যারহাউস সিলগালা করেছে যৌথ তদন্ত দল।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টা থেকে শুক্রবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১) যৌথভাবে এ অভিযান চালায়।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অভিযানে প্রতিষ্ঠানটির ডিপ্লোমেটিক ওয়্যারহাউস কার্যক্রমে গুরুতর অসংগতি পাওয়া যায়।
সরেজমিনে দেখা যায়, প্রতিষ্ঠানটি মোট চারটি ওয়্যারহাউসে পণ্য মজুত রেখেছে। এর মধ্যে অনুমোদিত ওয়্যারহাউসের বাইরে আরও দুটি অননুমোদিত ওয়্যারহাউসে পণ্য সংরক্ষণ করা হয়েছে।
এ অবস্থায় বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত পণ্য অননুমোদিত গুদামে স্থানান্তর বা অপসারণ ঠেকাতে এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে চারটি ওয়্যারহাউসই সিলগালা করা হয়।
এ ঘটনায় তদন্ত ও বিস্তারিত যাচাই কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে এনবিআর।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত