
ডেস্ক রিপোর্ট | বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১ বার পঠিত | পড়ুন মিনিটে

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তনের লক্ষ্যে তিনটি মেট্রোরেল প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
বুধবার অনুষ্ঠিত একনেকের বৈঠকে প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান।
অনুমোদন পাওয়া প্রকল্পগুলো হলো—এমআরটি লাইন-১ (বিমানবন্দর-কমলাপুর), এমআরটি লাইন-৫ নর্দান রুট (হেমায়েতপুর-ভাটারা) এবং এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট (গাবতলী-দাশেরকান্দি)।
সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য অনুযায়ী, তিনটি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে প্রায় আড়াই লাখ কোটি টাকা।
এর মধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) অর্থায়নে এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ নর্দান রুটের সংশোধিত ব্যয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
এ ছাড়া এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে নতুন এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পের অনুমোদন মিলেছে।
প্রকল্পগুলো বাস্তবায়িত হলে রাজধানীর বিভিন্ন প্রান্তে দ্রুত গণপরিবহনের সুযোগ বাড়বে। পাশাপাশি যানজট কমানো ও যাত্রীদের যাতায়াত আরও সহজ করার ক্ষেত্রে মেট্রোরেল নেটওয়ার্কের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়বে।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত