
জেলা প্রতিনিধি | সোমবার, ০২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ১ বার পঠিত | পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় নেশার টাকার জন্য মারুফা আক্তার (৪৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। সোমবার সকালে নাটাই উত্তর ইউনিয়নের বিরাসার গ্রামের নিজ বসতঘর থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী কুদ্দুস মিয়া পলাতক রয়েছেন।
নিহত মারুফা সদর উপজেলার উলচাপাড়া গ্রামের তাহের মিয়ার মেয়ে। মাত্র এক মাস আগে কুদ্দুস মিয়ার সঙ্গে তাঁর বিয়ে হয়। তিনি ছিলেন কুদ্দুসের তৃতীয় স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুদ্দুস মিয়া মাদকাসক্ত। নেশার টাকার জন্য তিনি প্রায়ই স্ত্রীকে মারধর করতেন। গত রোববার রাতেও মারুফার কাছে টাকা চান তিনি। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
সোমবার সকালে ঘরের ভেতর থেকে মারুফার কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। একপর্যায়ে মোবাইল ফোনের রিংটোন শুনে তাঁরা ঘরে প্রবেশ করেন। সেখানে মারুফার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও তাঁর পরিবারকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের অভিযোগ, নেশার টাকার জন্য মারুফাকে হত্যা করে পালিয়ে গেছেন কুদ্দুস মিয়া।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে তাঁর স্বামী পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত