
ডেস্ক রিপোর্ট | বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৯ বার পঠিত | পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রের ২৩৫ বছরের রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো একই সময়ে সিনেটের সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিন কৃষ্ণাঙ্গ নারী। ইলিনয়ের লেফটেন্যান্ট গভর্নর জুলিয়ানা স্ট্র্যাটন সিনেট নির্বাচনে জয়ী হওয়ায় দেশটির আইনসভায় নতুন এই ইতিহাস তৈরি হতে যাচ্ছে।
আগামী জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর সিনেটর লিসা ব্লান্ট রচেস্টার ও অ্যাঞ্জেলা অলসুব্রুকসের সঙ্গে যোগ দেবেন স্ট্র্যাটন। এর মধ্য দিয়ে মার্কিন সিনেটে একই সময়ে দায়িত্ব পালনকারী কৃষ্ণাঙ্গ নারী সিনেটরের সংখ্যা বেড়ে দাঁড়াবে তিনে।
অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডন ট্রেসিকে পরাজিত করে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জুলিয়ানা স্ট্র্যাটন।
এর আগে, ২০২৪ সালের নির্বাচনে জয়ী হয়ে ২০২৫ সালে সিনেটের দায়িত্ব নেন লিসা ব্লান্ট রচেস্টার ও অ্যাঞ্জেলা অলসুব্রুকস। তারাই প্রথম দুই কৃষ্ণাঙ্গ নারী, যারা একই সময়ে যুক্তরাষ্ট্রের সিনেটে দায়িত্ব পালনের সুযোগ পান।
স্ট্র্যাটন হবেন মার্কিন সিনেটে দায়িত্ব পালনকারী ষষ্ঠ কৃষ্ণাঙ্গ নারী। পাশাপাশি ইলিনয় অঙ্গরাজ্য থেকে নির্বাচিত দ্বিতীয় কৃষ্ণাঙ্গ নারী সিনেটরও হবেন তিনি।
ইতিহাস বলছে, ১৯৯২ সালে ইলিনয় থেকেই প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে মার্কিন সিনেটে নির্বাচিত হন ক্যারল মোসলি ব্রাউন। এরপর ২০১৬ সালে দ্বিতীয় কৃষ্ণাঙ্গ নারী হিসেবে সিনেটর নির্বাচিত হন কমলা হ্যারিস। ২০২৩ সালে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ল্যাফনজা বাটলারকে সিনেটর হিসেবে নিয়োগ দেন। তবে তিনি নির্বাচনের মাধ্যমে এই পদে আসেননি।
স্ট্র্যাটনের বিজয়ে ইলিনয় অঙ্গরাজ্যও গড়তে যাচ্ছে আরেকটি নতুন দৃষ্টান্ত। সিনেটর ট্যামি ডাকওয়ার্থ ও জুলিয়ানা স্ট্র্যাটন একই সময়ে দায়িত্ব পালন করলে ইলিনয় হবে যুক্তরাষ্ট্রের প্রথম অঙ্গরাজ্য, যেখান থেকে একসঙ্গে দুজন অশ্বেতাঙ্গ নারী সিনেটে প্রতিনিধিত্ব করবেন।
যুক্তরাষ্ট্রের আইনসভায় নারী ও কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর প্রতিনিধিত্বের ক্ষেত্রে এই ঘটনা তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিনের সীমিত প্রতিনিধিত্বের পর একই সময়ে তিন কৃষ্ণাঙ্গ নারীর সিনেটে উপস্থিতি দেশটির রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করতে যাচ্ছে।
সূত্র: অ্যাক্সিওস, সিএনএন

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত