
ডেস্ক রিপোর্ট | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৯৬ বার পঠিত | পড়ুন মিনিটে

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৬ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে তার।
নিউইয়র্ক সফরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, প্রধানমন্ত্রীর জাতিসংঘ কর্মসূচি বিস্তারিত জানানো হবে। আমরা সম্ভবত ২১ তারিখ রওনা হবো এবং ২৬ তারিখ পর্যন্ত নিউইয়র্কে থাকব।’
প্রতিমন্ত্রী জানান, নিউইয়র্কে প্রধানমন্ত্রী ব্যস্ত সময় কাটাবেন। জাতিসংঘে দেওয়া ভাষণে তিনি বাংলাদেশের ভিশন তুলে ধরবেন এবং নতুন বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চান, সে বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের সামনে নিজের পরিকল্পনা তুলে ধরবেন।
হুমায়ুন কবির বলেন, ‘বাংলাদেশ আজ গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপিকে সরকারে নির্বাচিত করেছে। প্রধানমন্ত্রী বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চান, সে বিষয়ে তার ভিশন জাতিসংঘে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে ভাগ করে নেবেন।’
প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের ভবিষ্যৎ ভাবনার পাশাপাশি বিশ্বশান্তি, টেকসই সমাধান ও সংঘাত নিরসনে বাংলাদেশের ভূমিকার বিষয়গুলোও গুরুত্ব পাবে বলে জানান প্রতিমন্ত্রী।
এ ছাড়া দারিদ্র্য দূরীকরণ, স্থানীয় অর্থনীতিতে মানুষের আকাঙ্ক্ষা তৈরি, বিভিন্ন নীতিগত উদ্যোগ, জলবায়ু নিরাপত্তা এবং জলবায়ু অর্থায়নে বাংলাদেশের নেতৃত্বের বিষয়গুলোও ভাষণে স্থান পেতে পারে।
সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে জানিয়ে হুমায়ুন কবির বলেন, কার কার সঙ্গে বৈঠক হবে, তা চূড়ান্ত হতে আরও সময় লাগতে পারে। বহুপক্ষীয় ফোরামে এ ধরনের বৈঠক অনেক সময় শেষ মুহূর্তেও নির্ধারিত হয়।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত