
ডেস্ক রিপোর্ট | রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৪ বার পঠিত | পড়ুন মিনিটে

বাংলাদেশে পুরোনো গ্যাসক্ষেত্রগুলোতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানেও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে মার্কিন বহুজাতিক জ্বালানি কোম্পানি শেভরন।
রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শেভরনের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। প্রতিষ্ঠানটির বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন জানান, সাক্ষাতে বাংলাদেশের জ্বালানি খাতে শেভরনের বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বিদ্যমান ও পুরোনো গ্যাসক্ষেত্রগুলোতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে প্রতিষ্ঠানটির বিনিয়োগের বিষয়টি গুরুত্ব পায়।
এ সময় বাংলাদেশের জ্বালানি খাতের সম্ভাবনা এবং ভবিষ্যৎ বিনিয়োগ নিয়েও আলোচনা করেন সংশ্লিষ্টরা।
সাক্ষাতে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ংসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত