
ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৩ বার পঠিত | পড়ুন মিনিটে

সাত বছর পর ভারত সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি।
বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ব্রিকস সম্মেলনে অংশ নিতে দিল্লি যাবেন শি জিনপিং।
শি জিনপিংয়ের ভারত সফর নিয়ে গত এক সপ্তাহ ধরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে নানা জল্পনা চলছিল। চীনের আনুষ্ঠানিক ঘোষণার পর সেই জল্পনার অবসান হলো।
২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর ভারত-চীন সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন তৈরি হয়। এরপর আর ভারত সফরে যাননি শি। দীর্ঘ সাত বছর পর তার দিল্লি সফরকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চপ্রযুক্তি ও অত্যাধুনিক উৎপাদন খাতে ভারতে বিনিয়োগে আগ্রহী চীনা কোম্পানিগুলো নিজ দেশেই নানা ধরনের যাচাই-বাছাইয়ের মুখে পড়ছে। তবে এসব চ্যালেঞ্জের মধ্যেও ভারত-চীন বাণিজ্য বাড়ছে।
গত বছর দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় ১২ দশমিক ৫ শতাংশ বেড়েছে। চলতি বছরের প্রথম সাত মাসে এই বাণিজ্য আরও ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এদিকে ব্রিকস সম্মেলনে যোগ দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যে দিল্লিতে পৌঁছেছেন।
সূত্র: ডয়েচে ভেলে

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত