
ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৯৭ বার পঠিত | পড়ুন মিনিটে

ফুটবলে ৮৭ বছর ধরে অক্ষত থাকা রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে সৌদি আরবের ক্লাব আল নাসর। আল খালিজের সঙ্গে ১-১ গোলে ড্র করেও ঘরোয়া লিগে টানা সবচেয়ে বেশি ম্যাচে গোল করার বিশ্ব রেকর্ড নিজেদের করে নিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল।
২০২৩ সালের ৮ ডিসেম্বর আল-রিয়াদের বিপক্ষে ৪-১ গোলের জয় দিয়ে এই রেকর্ডযাত্রা শুরু করে আল নাসর। এরপর সৌদি প্রো লিগের প্রতিটি ম্যাচেই গোল করেছে দলটি।
গত ৯ সেপ্টেম্বর আবহার বিপক্ষে ২-১ গোলের জয়ে রোনালদোর গোলে টানা ৯৩ ম্যাচে গোল করার রেকর্ডে ভাগ বসায় আল নাসর। পরের ম্যাচেই সেই রেকর্ড নিজেদের করে নেয় তারা।
আল খালিজের বিপক্ষে ম্যাচে আল নাসরের হয়ে গোল করেন আবদুল্লাহ আল-হামদান। তাঁর গোলেই টানা গোল করার সংখ্যা দাঁড়ায় ৯৪ ম্যাচে। এর মধ্য দিয়ে ১৯৩৬ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত টানা ৯৩টি ঘরোয়া লিগ ম্যাচে গোল করা আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটের রেকর্ড ভেঙে যায়।
রিভার প্লেটের সেই ঐতিহাসিক দলটি ‘লা মাকিনা’ নামে পরিচিত ছিল। হোসে ম্যানুয়েল মোরেনো ও অ্যাডলফো পেদেরনেরার মতো কিংবদন্তি ফুটবলার ছিলেন দলটিতে। ৯৩ ম্যাচের সেই ধারায় রিভার প্লেট করেছিল ৩০১ গোল।
দীর্ঘ সময় পর রিভার প্লেটের রেকর্ড ভাঙার অভিযানে আল নাসরের অন্যতম বড় নাম রোনালদো। ২০২৩ সালে সৌদি ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকেই দলের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন পর্তুগিজ তারকা। রেকর্ড স্পর্শ করার আগের ম্যাচে আবহার বিপক্ষেও গোল করেছিলেন তিনি।
তবে রিভার প্লেটের আরও একটি রেকর্ড এখনো অক্ষত রয়েছে। সব ধরনের ঘরোয়া প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯৬ ম্যাচে গোল করেছিল আর্জেন্টাইন ক্লাবটি।
ওই ৯৬ ম্যাচের মধ্যে ৯৩টি ছিল লিগের। বাকি তিনটি ছিল কাপের ম্যাচ—পেনিয়ারোলের বিপক্ষে দুটি এবং রোজারিও সেন্ট্রালের বিপক্ষে একটি।
তাই ঘরোয়া সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯৬ ম্যাচে গোল করার রেকর্ড এখনো রিভার প্লেটের দখলে। তবে শুধু লিগের হিসাব ধরলে ৮৭ বছর পর ইতিহাসের পাতায় নতুন রেকর্ড গড়েছে রোনালদোর আল নাসর।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত