
ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ০ বার পঠিত | পড়ুন মিনিটে

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সৌদি আরবে ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এসব হামলায় সাতটি বাড়ি ও দুটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
সোমবার সৌদি আরবের খামিস মুশাইত, আবহা ও তাইফের বেসামরিক এলাকায় হামলাগুলো চালানো হয়। মঙ্গলবার ভোরে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুরকি আল-মালকি।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের কয়েকজনের আঘাত সামান্য থেকে মাঝারি মাত্রার।
হামলার পর দেশটির পশ্চিম ও দক্ষিণাঞ্চলের কয়েকটি শহরে সতর্কতা জারি করেছে বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। এর আওতায় রয়েছে আবহা, জেদ্দা, জাজান, তাইফ, ইয়ানবু ও আল-উলা।
বাসিন্দাদের সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক থাকতে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে আহ্বান জানানো হয়েছে।
সৌদি নেতৃত্বাধীন জোটের বিবৃতিতে হুতিদের বিরুদ্ধে বেসামরিক নাগরিক ও স্থাপনা লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা চালানোর অভিযোগ করা হয়েছে। জোটের দাবি, ধারাবাহিক এসব হামলার মাধ্যমে হুতিরা উত্তেজনা বাড়ানোর নীতি অনুসরণ করছে।
সৌদি আরবের সার্বভৌমত্ব রক্ষা এবং বেসামরিক নাগরিক ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে জোটের যৌথ বাহিনী কঠোর পদক্ষেপ নেবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
এর আগে গত সপ্তাহে হুতিদের হামলায় সৌদি আরবের বিভিন্ন শহর ও এলাকায় ৭০ জনের বেশি মানুষ আহত হন। আহতদের মধ্যে নারী ও শিশুও ছিল।
শুক্রবার রিয়াদ ও মদিনা অঞ্চলে কয়েক দফা ড্রোন হামলার পর সৌদি আরব সাময়িকভাবে দেশটির পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ করে দেয়।
হুতিদের ওই হামলার নিন্দা জানিয়েছে উপসাগরীয় ও মুসলিম বিশ্বের বিভিন্ন সংগঠন। একই সঙ্গে সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করেছে তারা।
সূত্র: আরব নিউজ

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত