
ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১২ বার পঠিত | পড়ুন মিনিটে

যুক্তরাজ্যের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ডের কাছে গ্রেপ্তার পাঁচ সন্দেহভাজনকে কঠোর শর্তে জামিনে মুক্তি দিয়েছে পুলিশ। বিস্ফোরক ও সন্ত্রাসী অপরাধে জড়িত থাকার সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়েছিল।
সোমবার জামিনে মুক্তি দেওয়া হলেও তদন্ত থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়নি। পুলিশের দাবি, বড় একটি ষড়যন্ত্রের অংশ হিসেবেই ওই পাঁচজন বিমানঘাঁটির কাছে গিয়েছিলেন।
ঘটনার পেছনে ইরানের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কর্মকর্তারা। তবে এ ঘটনায় নিজেদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে ইরান।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার পাঁচজনই ব্রিটিশ নাগরিক। তাদের প্রত্যেকের বয়স ২০-এর কোঠায়।
যুক্তরাজ্যের সন্ত্রাসবাদবিরোধী পুলিশের প্রধান লরেন্স টেলর বলেন, ‘ওই পাঁচজনকে কঠিন শর্তে জামিন দেওয়া হয়েছে। তার মানে এই নয় যে তদন্ত শেষ হয়ে গেছে। আমরা একাধিক দিক থেকে তদন্ত চালাচ্ছি। তারা এখনো তদন্তের আওতায়।’
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনদের জামিন দেওয়া হলেও আরএএফ ফেয়ারফোর্ডকে ঘিরে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখে তদন্ত অব্যাহত থাকবে।
সূত্র: আলজাজিরা, এএফপি

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত