
ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১১ বার পঠিত | পড়ুন মিনিটে

ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড়ের আলোচনায় লিওনেল মেসি, পেলে ও দিয়েগো ম্যারাডোনার নাম বারবারই উঠে আসে। তবে এই তিন কিংবদন্তির মধ্যে একজনকে বেছে নিতে বলা হলে কোনো দ্বিধা করেননি বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। তাঁর চোখে সর্বকালের সেরা লিওনেল মেসি।
মিশরের টেলিভিশন অনুষ্ঠান ‘ফ্রম কায়রো’-তে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামালকে মেসি, পেলে ও ম্যারাডোনার মধ্যে একজনকে বেছে নিতে বলা হয়। জবাবে সরাসরি মেসির নাম নেন তিনি।
ইয়ামাল বলেন, ‘আমি নিজের চোখে এবং পর্দায় যা দেখেছি, সেখান থেকে বিচার করলে মেসিকেই বেছে নেব। তিনি ফুটবলকে যা দিয়েছেন এবং এখনো দিয়ে যাচ্ছেন, সবকিছুর জন্যই।’
ফুটবল ইতিহাসে পেলে ও ম্যারাডোনার কীর্তিও অনন্য। ব্রাজিলের হয়ে পেলে তিনবার বিশ্বকাপ জিতেছেন। ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচে ৭৭ গোল করেন তিনি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তাঁর গোলসংখ্যা ছিল ছয়শর বেশি।
অন্যদিকে, ১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টিনার হয়ে ৯১ ম্যাচে ৩৪ গোল করেন তিনি। আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে তাঁর অসাধারণ নৈপুণ্য তাঁকে ফুটবল ইতিহাসের অন্যতম কিংবদন্তিতে পরিণত করেছে।
মেসির অর্জনের তালিকাও দীর্ঘ। আর্জেন্টিনার হয়ে তাঁর গোলসংখ্যা একশ ছাড়িয়েছে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে করেছেন ৯০০-এর বেশি গোল। দীর্ঘ অপেক্ষার পর ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
এ ছাড়া ২০১৪ ও সর্বশেষ ২০২৬ বিশ্বকাপেও মেসির নেতৃত্বে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।
সূত্র: গোল ডটকম

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত