
ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৭৬ বার পঠিত | পড়ুন মিনিটে

দীর্ঘ অপেক্ষা, শারীরিক জটিলতা আর নানা প্রতিকূলতা পেরিয়ে অবশেষে মাতৃত্বের স্বাদ পেলেন জনপ্রিয় অভিনেত্রী ও লেখিকা লেনা ডানহাম। সারোগেসির মাধ্যমে স্বামী লুইস ফেলবারের সঙ্গে প্রথম কন্যাসন্তানকে স্বাগত জানিয়েছেন ‘গার্লস’খ্যাত এই তারকা।
বুধবার ‘ভোগ’ ম্যাগাজিনে প্রকাশিত এক আবেগঘন লেখায় নিজের মাতৃত্বের অভিজ্ঞতা শেয়ার করেছেন ডানহাম। সেখানে তিনি জানিয়েছেন, কন্যাসন্তানের আগমনে তিনি এক ‘অপার্থিব আনন্দে’ ভেসে যাচ্ছেন।
তবে এই আনন্দের পেছনে রয়েছে দীর্ঘ ও কঠিন এক লড়াই। মাত্র ৩১ বছর বয়সে শারীরিক জটিলতার কারণে জরায়ু অপসারণ করতে হয় ডানহামের। দীর্ঘদিন ধরে এন্ডোমেট্রিওসিসসহ নানা শারীরিক সমস্যায় ভোগার পর ওই অস্ত্রোপচার তার স্বাভাবিকভাবে মা হওয়ার সম্ভাবনা শেষ করে দেয়।
সেখানেই অবশ্য থেমে যাননি তিনি। কখনো দত্তক নেওয়ার কথা ভেবেছেন, কখনো সারোগেসির মাধ্যমে সন্তান নেওয়ার পথ খুঁজেছেন। করোনাকালেও নিজের ডিম্বাণু সংগ্রহের কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে।
‘ভোগ’-এ সারোগেট মায়ের সঙ্গে প্রথম পরিচয়ের কথাও জানিয়েছেন ডানহাম। তার ভাষ্য, কফির আড্ডা দিয়ে শুরু হওয়া পরিচয় খুব দ্রুতই এমন এক যাত্রায় রূপ নেয়, যা শেষ পর্যন্ত তাকে মাতৃত্বের স্বপ্নের কাছে পৌঁছে দেয়।
কন্যাসন্তানের জন্মমুহূর্তও ছিল অন্যরকম। ডানহাম জানান, নির্ধারিত সময়ের ১৩ দিন পর সূর্যগ্রহণ ও উল্কাপাতের আবহে পৃথিবীতে আসে তার মেয়ে।
হাসপাতালে সন্তানের প্রথম কান্না শোনার মুহূর্তটি ছিল ডানহামের কাছে অবিস্মরণীয়। প্রথমবার মেয়ের মুখ দেখার অনুভূতি বর্ণনা করতে গিয়ে তিনি জানান, শিশুটিও যেন পৃথিবীর আলো-ছায়া চিনে নিতে চোখ মেলে তাকাচ্ছিল।
মাতৃত্বের আকাঙ্ক্ষা ও নিজের শারীরিক জটিলতা নিয়ে বহু বছর ধরেই খোলামেলা কথা বলে আসছেন ডানহাম। ২০২৫ সালের জুনে ‘দ্য টাইমস’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, স্বামী লুইস ফেলবারের সঙ্গে তারা নতুন উপায়ে পরিবার বাড়ানোর চেষ্টা করছেন। তবে তখন নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তার কারণে বিস্তারিত কিছু জানাননি।
এর আগে ২০২০ সালে ‘হার্পারস ম্যাগাজিন’-এ লেখা এক নিবন্ধে ডানহাম জানিয়েছিলেন, নিজে গর্ভধারণ করে মা হতে পারবেন না—এই বাস্তবতা মেনে নেওয়া ছিল তার জীবনের কঠিনতম উপলব্ধিগুলোর একটি। একই সঙ্গে তিনি বুঝেছিলেন, অভিভাবক হওয়ার পথ শুধু গর্ভধারণের মধ্যেই সীমাবদ্ধ নয়।
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো। সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানকে স্বাগত জানিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন লেনা ডানহাম।
সূত্র: বিবিসি

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত