
ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৭ বার পঠিত | পড়ুন মিনিটে

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর ক্যারিয়ারের শুরুর দিকে এক পরিচালকের অশালীন আচরণের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তার অভিযোগ, ওই পরিচালক তাকে ব্যক্তিগতভাবে আপত্তিকর প্রস্তাব দিয়েছিলেন। তবে প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করেন অভিনেত্রী।
সম্প্রতি ‘রাইজ অ্যান্ড ফল’ সিজন ২-এর মঞ্চে নিজের সেই অভিজ্ঞতা প্রকাশ করেন স্বরা। তিনি জানান, ক্যারিয়ারের শুরুর দিকের ওই ঘটনায় মানসিকভাবে বেশ ধাক্কা খেয়েছিলেন।
স্বরা বলেন, ‘তনু ওয়েডস মনু’ সিনেমার সাফল্যের পর একটি বড় বাজেটের ছবিতে অভিনয়ের সুযোগ পান তিনি। সিনেমাটির কাজ চলাকালে পরিচালকের আচরণে আতঙ্কিত হয়ে পড়েন অভিনেত্রী।
একদিন রোমান্টিক দৃশ্যের রিহার্সালের কথা বলে তাকে একাই ডেকে পাঠান পরিচালক। শুধু তা-ই নয়, ব্যক্তিগতভাবে মেসেজ পাঠানো ও কবিতা শেয়ার করার মতো কাজও করতেন তিনি।
স্বরা বলেন, “আমি আগেই জিজ্ঞেস করেছিলাম—রিহার্সালের সময় আর কারা থাকবেন? পরিচালক বলেন, ‘তুমি আর আমি, আমরা দুজনই আলোচনা করব।’ আমি বলেছিলাম—না। আপনি অভিনেতা এবং ক্যামেরাপারসনকে ডেকে নেন। যদি রিহার্সাল হয়, তবে সবারই সেটা করা উচিত। আমরা একা কেন রিহার্সাল করব?”
পরে গেস্ট হাউসে গিয়ে স্বরা দেখেন, পরিচালক ও চিত্রগ্রাহক বসে মদপান করছেন। সেখান থেকে চিত্রনাট্য পড়ে কোনোমতে নিজের ঘরে ফিরে যান তিনি।
তবে রাতেই ঘটে আরও অস্বস্তিকর ঘটনা। স্বরার ভাষ্য, মাঝরাতে ওই পরিচালক তার দরজায় কড়া নাড়তে শুরু করেন। পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে উঠেছিল যে, তার মনে হয়েছিল পরিচালক হয়তো দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়বেন।
শেষ পর্যন্ত দরজা খুলতে বাধ্য হন অভিনেত্রী। এরপর মদ্যপ অবস্থায় পরিচালক তাকে জিজ্ঞেস করেন, “আমি কি তোমাকে জড়িয়ে ধরতে পারি?”
পরিচালকের এমন আচরণে ক্ষুব্ধ ও আতঙ্কিত স্বরা প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন। ক্যারিয়ারের শুরুর দিকের ওই ঘটনাকে নিজের অন্যতম তিক্ত অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন অভিনেত্রী।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত