
ডেস্ক রিপোর্ট | বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ২০ বার পঠিত | পড়ুন মিনিটে

ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি টেলিভিশন চ্যানেলের প্রধান কার্যালয়ে সরাসরি সম্প্রচার চলাকালে রুশ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। রাতভর ও দিনভর চালানো রুশ হামলায় কিয়েভে নিহতের সংখ্যা বেড়ে অন্তত পাঁচজনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ২৫ জন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলাটিকে রাশিয়ার ‘নৈতিক অধঃপতনের নতুন অধ্যায়’ হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে রাশিয়াকে থামাতে পশ্চিমা দেশ ও মিত্রদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ (ডিএসএনএস) জানিয়েছে, রাতভর হামলায় কিয়েভের বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সলোমিয়ানোস্কি জেলার একটি পাঁচতলা ভবনও রয়েছে। পোদিলস্কি জেলায় কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। হামলার সময় আতঙ্কিত মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য রাতভর মেট্রো স্টেশনগুলোতে অবস্থান নেন।
টেলিভিশন চ্যানেল ‘উই আর ইউক্রেন’-এ দিনের বেলার হামলা প্রসঙ্গে জেলেনস্কি বলেন, রাশিয়া এবার সরাসরি সংবাদমাধ্যম ও সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাঁর ভাষায়, এটি রাশিয়ার নৈতিক পতনের আরেকটি নতুন অধ্যায়। রাশিয়াকে থামাতে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনে রুশ বিমান হামলায় এক নারী কর্মী নিহত হয়েছেন।
সংবাদমাধ্যম ও প্রশাসনিক সূত্রের বরাতে জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধিদল মস্কো ও কিয়েভ সফরের সময় দুই দেশই তিন দিনের জন্য একে অপরের রাজধানীতে হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছিল। ওই সময়সীমা শেষ হওয়ার পর মঙ্গলবার কিয়েভজুড়ে আবারও বিমান হামলার সতর্কসংকেত বাজতে শুরু করে। এরপর রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
বিবিসি ভেরিফাইয়ের বিশ্লেষণ বলছে, রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর কিয়েভে বর্তমানে যে হারে বিমান হামলার সতর্কসংকেত বাজছে, তা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি।
অন্যদিকে, ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার সারাতোভ শহরের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় আঞ্চলিক গভর্নর রোমান বুসারগিন।
ট্রাম্পের দুই শীর্ষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের মস্কো ও কিয়েভ সফরেও যুদ্ধ বন্ধে বড় কোনো চুক্তি বা দৃশ্যমান অগ্রগতি আসেনি। ২০২২ সালের পর প্রথমবার ইউক্রেন সফর শেষে জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করে বলেন, যুদ্ধ পুরো শীতকালজুড়েই চলতে পারে।
তবে মার্কিন প্রতিনিধি উইটকফ আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে বলে দাবি করেছেন। ইউক্রেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের দ্রুত আলোচনায় বসানোর বিষয়ে তিনি সম্মত হয়েছেন বলে জানিয়েছেন জেলেনস্কি। একই সঙ্গে রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে নিয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠকেরও আহ্বান জানিয়েছেন তিনি।
তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ভূখণ্ডগত দাবি ও যুদ্ধের সর্বোচ্চ শর্তগুলো থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেননি। মস্কোয় পুতিনের জ্যেষ্ঠ উপদেষ্টা ইউরি উশাকোভ জানিয়েছেন, মার্কিন প্রতিনিধিদের ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর ‘উল্লেখযোগ্য অগ্রগতি’র কথা জানানো হয়েছে। পাশাপাশি রাশিয়া তার নির্ধারিত সব লক্ষ্য অর্জন করবে বলেও প্রতিনিধিদলকে জানানো হয়েছে।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত