
ডেস্ক রিপোর্ট | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৮৯ বার পঠিত | পড়ুন মিনিটে

মেজর লিগ সকারে (এমএলএস) আবারও আলো ছড়ালেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন তরুণ কাভান সুলিভান। এক ম্যাচ বিরতির পর মাঠে ফিরেই জোড়া গোল করেছেন ১৬ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার। তাঁর নৈপুণ্যে সান দিয়েগো এফসিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন।
রোববার বাংলাদেশ সময় ভোরে স্ন্যাপড্রাগন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধের নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে বিরতির ঠিক আগে যোগ করা সময়ে ফিলাডেলফিয়াকে এগিয়ে দেন সুলিভান।
ইনডিয়ানা ভাসিলেভের কাছ থেকে বল পেয়ে দ্রুত আক্রমণে উঠে বক্সের মাঝখান থেকে বাঁ পায়ের নিখুঁত শটে সান দিয়েগোর জালে বল পাঠান তিনি।
দ্বিতীয়ার্ধের ৬২তম মিনিটে আবারও গোল করেন সুলিভান। তাঁর দ্বিতীয় গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ফিলাডেলফিয়া। চলতি মৌসুমে এটি তাঁর ষষ্ঠ গোল।
এর মাত্র পাঁচ মিনিট পর দামিয়ানি গোল করে ব্যবধান ৩-০ করেন। শেষ দিকে আরও দুই গোল করে বড় জয় নিশ্চিত করে ফিলাডেলফিয়া। ৮৭তম মিনিটে সান দিয়েগোর মিডফিল্ডার আনবিল গোডির ভুলের সুযোগ নিয়ে চতুর্থ গোল করেন তারা।
যোগ করা সময়ে মালিক জাকুভিচের গোলে ৫-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় ফিলাডেলফিয়ার।
শুধু আক্রমণভাগ নয়, গোলরক্ষক আন্দ্রে ব্ল্যাকও ছিলেন দুর্দান্ত। সান দিয়েগো পাঁচটি শট নিলেও তাঁর দৃঢ়তায় কোনো গোল আদায় করতে পারেনি।
এই জয়ে এমএলএসে টানা চতুর্থ জয় পেল ফিলাডেলফিয়া ইউনিয়ন। ২৫ ম্যাচে ৯ জয় ও ৬ ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে রয়েছে দলটি।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত