
ডেস্ক রিপোর্ট | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৯৪ বার পঠিত | পড়ুন মিনিটে

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হলেও দেশটি থেকে যুক্তরাষ্ট্র পুরোপুরি সরে নাও যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের তেলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি।
রোববার আয়ারল্যান্ড সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, চলতি বছরের মধ্যেই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হতে পারে। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরপরই যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শেষে ইরান থেকে মার্কিন বাহিনী পুরোপুরি প্রত্যাহার না-ও হতে পারে। বরং দেশটিতে উপস্থিতি বজায় রেখে তেলের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে ওয়াশিংটন। এ ক্ষেত্রে ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক চুক্তির উদাহরণ দেন ট্রাম্প।
ট্রাম্পের দাবি, ভেনেজুয়েলার বিপুল তেল মজুতের এক-পঞ্চমাংশের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। ওই দেশ থেকে পাওয়া রাজস্ব দিয়ে যুদ্ধের ব্যয় বহুগুণে উঠে এসেছে বলেও দাবি করেন তিনি।
আয়ারল্যান্ড সফরে আইরিশ ওপেন গলফ চ্যাম্পিয়নশিপ চলাকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প আবারও ইরান যুদ্ধ দ্রুত শেষ হওয়ার আশাবাদ জানান। তাঁর ভাষ্য, যুদ্ধ শেষ হলে যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম ‘খুব দ্রুত’ কমে যাবে।
এদিকে মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাব পড়ছে আন্তর্জাতিক তেলবাজারে। সৌদি আরবের একটি তেল পাইপলাইনে হামলার পর সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ফের বাড়তে পারে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।
ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতার বিষয়ে ট্রাম্প বলেন, তিনি কেবল ‘সঠিক চুক্তি’ করতে চান। ‘ভালো নয়’—এমন কোনো চুক্তিতে যেতে তিনি রাজি নন।
ইরান বারবার শান্তি আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করছে বলেও দাবি করেন ট্রাম্প। তবে তেহরান এর আগে এ দাবি নাকচ করেছে।
যুদ্ধ-পরবর্তী সময়ে ইরানে যুক্তরাষ্ট্রের ভূমিকা প্রসঙ্গে ট্রাম্প বলেন, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরান থেকে চলে আসবে। তবে ভেনেজুয়েলার মতো সেখানে অবস্থান বজায় রেখে তেল নিজেদের নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্ত নেওয়া হলে পরিস্থিতি ভিন্ন হতে পারে।
তিনি বলেন, ‘শেষ পর্যন্ত আমরা ইরান থেকে চলে আসব। তবে ভেনেজুয়েলার মতো সেখানে অবস্থান করে তেল নিজেদের দখলে রাখার সিদ্ধান্ত নিলে বিষয়টি আলাদা।’

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত