
ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১১২ বার পঠিত | পড়ুন মিনিটে

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তিনি। তবে দিনের ব্যস্ততা শেষে রাত ১০টার পর নিজেকে পুরোপুরি ফোন থেকে দূরে রাখেন এই অভিনেত্রী। এমনকি এ সময় ফোন করেও তাকে পাওয়া যায় না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও দৈনন্দিন রুটিন নিয়ে কথা বলতে গিয়ে বিষয়টি জানান প্রভা।
অভিনেত্রীর ভাষ্য, রাত ১০টার পর পৃথিবীতে যা-ই ঘটুক না কেন, তিনি ফোন বন্ধ রাখেন। এ সময় ফোনটি নিজের কাছ থেকেও দূরে সরিয়ে রাখেন। প্রভা বলেন, ‘আমাকে রাত ১০টার পরে কেউ ফোন দিয়ে পায় না। পৃথিবীতে যা খুশি হয়ে যাক, আমার ফোন বন্ধ। আমার ফোনটা দূরে, কেউ আমাকে কল দিয়ে পায় না। পরে সব খবর পাই।’
রাতের এই ‘ফোনবিরতি’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা শুরু হয়েছে। বর্তমানে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন প্রভা। ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তের ছবি ও ভিডিও নিয়মিতই ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। এসব পোস্টে ভক্ত-অনুরাগীরাও নানা মন্তব্য ও প্রতিক্রিয়া জানান।
এরই মধ্যে সোমবার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের শৈশবের স্মৃতিও তুলে ধরেছেন প্রভা। একটি ভিডিওর ক্যাপশনে শিশুদের সাজসজ্জার প্রতি আগ্রহের প্রসঙ্গ টেনে নিজের ছোটবেলার কথা স্মরণ করেন তিনি।
প্রভা লেখেন, ‘আমিও একসময় ওদের মতোই বড় মেয়েদের মেকআপ আর নানা ধরনের সাজসজ্জার জিনিসপত্র নিয়ে ভীষণ কৌতূহলী ছিলাম। তাদের সাজগোজ ও স্টাইলিং নিয়ে হাজারো প্রশ্ন করতাম। এই দুই শিশুকে দেখলে আমার ছোটবেলার কথা খুব মনে পড়ে যায়—তখন আমিও সবসময় মেয়েলি সাজসজ্জায় নিজেকে সাজাতে চাইতাম।’
শৈশবের স্মৃতিচারণের মধ্য দিয়ে সাজসজ্জার প্রতি নিজের ছোটবেলার আগ্রহের কথাই তুলে ধরেছেন এই অভিনেত্রী।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত