সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

সমীকরণ ছিল সহজ—জিতলেই সেমিফাইনাল, হারলেই বিদায়। গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিংয়ে আবারও বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। তবে বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে সেই ঘাটতি পুষিয়ে সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

মঙ্গলবার রাতে দুবাইয়ে টস হেরে আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১০৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ২০ ওভারে ৬৯ রানেই গুটিয়ে যায় আমিরাতের ইনিংস।

ব্যাটিংয়ে শুরুটা ছিল হতাশার। প্রথম ওভারেই সুরক্ষা কোটির বলে কোনো রান না করে ফেরেন দিলারা আক্তার। পরের ওভারে ৩ রান করে একই বোলারের শিকার হন সোবহানা মোস্তারি। মাত্র ৮ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও জুয়াইরিয়া ফেরদৌস প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে ৩১ রানের বেশি যোগ করতে পারেনি এই জুটি। বড় শট খেলতে গিয়ে ১৬ রান করে ফেরেন জুয়াইরিয়া।

শারমিন আক্তার সুপ্তাকে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন জ্যোতি। কিন্তু ১১তম ওভারে ফুলটসে ফিরতি ক্যাচ দিয়ে ২৩ রানে আউট হন বাংলাদেশ অধিনায়ক। এরপর স্বর্ণা আক্তার ও ফাহিমা খাতুনও রানের খাতা খোলার আগেই ফিরলে ৬ উইকেটে ৫৫ রানে পরিণত হয় বাংলাদেশের ইনিংস।

সেখান থেকে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন সুপ্তা ও নাহিদা আক্তার। চলতি আসরে প্রথমবার একাদশে সুযোগ পাওয়া সুপ্তা সহ-অধিনায়ক নাহিদাকে সঙ্গে নিয়ে সপ্তম উইকেটে ৪৩ বলে ৪২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। এই জুটির ওপর ভর করেই শতরানের গণ্ডি পেরোয় বাংলাদেশ।

৩১ বলে ৩৮ রানের দারুণ ইনিংসে তিনটি চার মারেন সুপ্তা। নাহিদা ১৬ রান করে অপরাজিত থাকেন, যা তাঁর ক্যারিয়ারের সেরা ইনিংস। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১০৩ রান তোলে বাংলাদেশ।

১০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের চাপে পড়ে আমিরাত। প্রথম ওভারেই অধিনায়ক ইশা ওজা ফেরার পর পঞ্চম ওভারে সামাইরা ধরনিধরকাকে আউট করে দ্বিতীয় উইকেট নেন মারুফা আক্তার।

পাওয়ার প্লেতে মাত্র ১৫ রান করতে পারে আমিরাত, যা চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত তাদের সর্বনিম্ন। এরপরও ব্যাটিংয়ে ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিক দল।

অষ্টম ওভারে আক্রমণে এসে রিনিথা রজথকে ফেরান একাদশে ফেরা রাবেয়া খান। পরে লম্বা সময় উইকেটে থাকা তীর্থ সতীশকে আউট করেন সুলতানা খাতুন। পরের ওভারে লাবণ্য কেনিকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট নেন নাহিদা আক্তার।

একপর্যায়ে ৩৮ রানেই ৫ উইকেট হারায় আমিরাত। সেখান থেকে আর ম্যাচে ফেরার সুযোগ পায়নি তারা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬৯ রানেই থেমে যায় তাদের ইনিংস।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন মারুফা আক্তার। ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট নেন ২১ বছর বয়সী এই পেসার। চলতি এশিয়া কাপে তিন ম্যাচে তাঁর উইকেটসংখ্যা দাঁড়িয়েছে ৭।

রাবেয়া খান ৪ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন। নাহিদা আক্তার শিকার করেন ২ উইকেট। এ ছাড়া সুলতানা খাতুন ৪ ওভারে ১০ রান এবং ফাহিমা খাতুন ৪ ওভারে ১৬ রান দিয়ে একটি করে উইকেট নেন।

এই জয়ে তিন ম্যাচে দুই জয় নিয়ে ‘বি’ গ্রুপে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে বাংলাদেশ। গ্রুপ রানার্স-আপ হয়ে শেষ চারে উঠেছে তারা। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। বৃহস্পতিবার মুখোমুখি হবে দুই দল।

অন্য সেমিফাইনালে লড়বে শ্রীলঙ্কা ও পাকিস্তান।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত