
ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১৯ বার পঠিত | পড়ুন মিনিটে

গোলরক্ষক হয়েও জোড়া গোল করে দলকে হার থেকে বাঁচিয়েছেন রোনাল্ড কোমান জুনিয়র। ডাচ লিগ এরেডিভিজির ম্যাচে তাঁর দুই পেনাল্টি গোলে কামবুরের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে টেলস্টার। একই সঙ্গে গোলকিপার হিসেবে এক ম্যাচে দুটি গোল করে ডাচ ফুটবলে বিরল এক রেকর্ড গড়েছেন ৩১ বছর বয়সী এই ফুটবলার।
নিজেদের মাঠে ম্যাচের ২২ মিনিটেই বড় ধাক্কা খায় টেলস্টার। দলের ফরোয়ার্ড নকভি থেইর থোরিসন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। একজন কম নিয়েও প্রথমার্ধে কামবুরকে গোলবঞ্চিত রাখেন কোমান জুনিয়র।
দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য চাপে পড়ে টেলস্টার। মাত্র সাত মিনিটের ব্যবধানে দুটি গোল করে এগিয়ে যায় কামবুর। ১০ জনের দল নিয়ে দুই গোলে পিছিয়ে পড়ায় ম্যাচে ফেরাটা কঠিনই মনে হচ্ছিল টেলস্টারের জন্য।
তবে হাল ছাড়েননি কোমান জুনিয়র। ৬৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান তিনি। এরপর নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের ১১ মিনিটে আবারও পেনাল্টি পায় টেলস্টার। স্পটকিক নিতে এগিয়ে আসেন গোলরক্ষক কোমান জুনিয়র। এবারও নিখুঁত শটে বল জালে জড়িয়ে দলকে সমতায় ফেরান তিনি।
শেষ পর্যন্ত তাঁর জোড়া গোলেই ২-২ সমতায় ম্যাচ শেষ করে টেলস্টার।
এই ম্যাচের মধ্য দিয়ে ডাচ লিগে এক ম্যাচে একাধিক গোল করা প্রথম গোলকিপার হিসেবে ইতিহাস গড়েছেন কোমান জুনিয়র। গোলরক্ষক হিসেবে এক ম্যাচে জোড়া গোলের ঘটনা বিশ্ব ফুটবলেও অত্যন্ত বিরল।
কোমান জুনিয়র ডাচ ফুটবল কিংবদন্তি ও বার্সেলোনার সাবেক কোচ রোনাল্ড কোমানের ছেলে। তাঁর বাবাও গোল করার দক্ষতার জন্য বিখ্যাত ছিলেন। ডিফেন্ডার হয়েও ফ্রি-কিক ও পেনাল্টি থেকে নিয়মিত গোল করতেন রোনাল্ড কোমান।
গোলরক্ষক হিসেবে গোল করার ক্ষেত্রে বিশ্ব ফুটবলে সবচেয়ে আলোচিত নামগুলোর মধ্যে রয়েছেন ব্রাজিলের রজেরিও চেনি ও প্যারাগুয়ের হোসে লুইস চিলাভার্ট। চেনি ক্যারিয়ারে ১২৯ গোল করে গোলকিপার হিসেবে সর্বোচ্চ গোলের অনন্য রেকর্ড গড়েছেন।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত