
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ৩৩৪ বার পঠিত | পড়ুন মিনিটে

বাংলা নববর্ষ বৈশাখ বরণে অন্যান্য বছরের মতো এবারও রমনার বটমূলে বৈশাখ বরণ করতে যাচ্ছে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট। ১৪৩৩ বঙ্গাব্দের প্রথম প্রভাতে মঙ্গলবার ভোর সোয়া ৬টায় রমনার বটমূল আবারও জেগে উঠবে সুরের নবজাগরণে ভোরের আকাশ। ভোরের আলো ফোটার আগে শিশিরভেজা বাতাসে সুর, বাণী, ছন্দে শুরু হবে ছায়ানটের এবারের বর্ণাঢ্য প্রভাতী আয়োজন।
৮টি সম্মেলক গান, ১৪টি একক গান এবং দুটি আবৃত্তি দিয়ে সাজানো থাকবে এবারের বৈশাখ বরণের আসর।
প্রায় দুই শতাধিক শিল্পীর অংশগ্রহণে এই আয়োজন রূপ নেবে সংস্কৃতির মহাসমুদ্রের মিলন মেলায়। রমনা বটমূলের দুই ঘণ্টার এই আয়োজন একযোগে সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি )সহ অন্যান্য স্যাটেলাইট টেলিভিশন।
ছায়ানটে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান আয়োজক প্রতিষ্ঠান ছায়ানট।
রোববার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা।
উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি ডা. সারওয়ার আলী, সহ-সভাপতি খায়রুল আনাম শাকিল, পার্থ তানভীর নভেদ এবং যুগ্ম সম্পাদক জয়ন্ত রায়।
লিখিত বক্তব্যে লাইসা আহমদ লিসা বলেন, যখন বাঙালি তার নিজস্ব সংস্কৃতির উৎসবে নিমগ্ন, তখন পৃথিবীর অন্য প্রান্তে যুদ্ধের বিভীষিকাময়, ধ্বংস আর আতঙ্ক মানবসভ্যতাকে বিপর্যস্ত করে তুলছে। বিশ্বের এই অস্থিরতার মাঝেই ছায়ানট প্রত্যাশা করে-সমস্ত শঙ্কা, অনিশ্চয়তা ও ভয়ের অবসান ঘটুক; মানবজাতি ফিরে পাক শান্তি, স্বস্তি ও কল্যাণকর আলোর পথ।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, বৈশাখের এই আয়োজন নির্বিঘ্ন ও সুশৃঙ্খল রাখতে নিরলসভাবে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও গণপূর্ত অধিদপ্তর।
এছাড়াও ছায়ানটের কর্মীদের সঙ্গে সেবার এই অভিযাত্রায় যুক্ত হয়েছে “থার্টিনথ হুসার্স ওপেন রোভার গ্রুপ” ও এজিস সার্ভিসেস লিমিটেড ।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত