
জেলা প্রতিনিধি | মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৪ বার পঠিত | পড়ুন মিনিটে

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে চার যানবাহনের সংঘর্ষে শহিদুল ইসলাম (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম কাশিয়ানী উপজেলার চরভাটপাড়া গ্রামের আমিন শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাটিয়াপাড়া মোড়ে উল্টোপথে ঘোরার সময় প্রথমে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটি সামনে দাঁড়িয়ে থাকা দোলা পরিবহনের একটি বাসকে ধাক্কা দেয়। পরে দোলা পরিবহনের বাসটি গিয়ে আরেকটি লোকাল বাসের ওপর পড়ে।
এ সময় পাশেই থাকা একটি ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির চালক দোলা পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই মো. রাজিব দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাটি কিছুক্ষণ আগে ঘটেছে। বিস্তারিত তথ্য জেনে পরে জানানো হবে।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত