
জেলা প্রতিনিধি | রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ১৬ বার পঠিত | পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম বিচ্ছিন্ন করে পার্শ্ববর্তী বরিশল ইউনিয়ন গঠনের প্রতিবাদে টানা পাঁচ ঘণ্টা রেল ও সড়কপথ অবরোধের পর কর্মসূচি স্থগিত করেছেন স্থানীয় বাসিন্দারা। জেলা বিএনপির নেতাদের আশ্বাসে রোববার (৮ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। তবে আগামী তিন দিনের মধ্যে দাবি পূরণ না হলে আবারও অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম নিয়ে নতুন বরিশল ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে। গ্রামগুলো হলো—চান্দি, কোড্ডা, শ্যামনগর, কোড়াবাড়ি, বৈষ্ণবপুর ও বরিশল। জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার প্রস্তাবনায় নতুন ইউনিয়নটি গঠিত হয়েছে। তার বাড়ি বরিশল গ্রামে। গ্রামটিও আগে বাসুদেব ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল।
তবে বাসুদেব ইউনিয়ন থেকে ছয়টি গ্রাম বিচ্ছিন্ন করে নতুন বরিশল ইউনিয়ন গঠনের সিদ্ধান্তের প্রতিবাদে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন স্থানীয় বাসিন্দারা। এ আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন বাসুদেব ইউনিয়ন বিএনপির একাংশ।
এরই ধারাবাহিকতায় রোববার সকাল ৬টা থেকে কোড্ডা এলাকায় রেলপথ ও সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ বাসিন্দারা। এতে ট্রেন ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন। এ সময় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিলে আগামী তিন দিনের জন্য অবরোধ কর্মসূচি স্থগিত করেন তারা।
বাসুদেব ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম নয়ন বলেন, তিন দিনের জন্য অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে। এ বিষয়ে আমাদের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসন ও জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করবে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আবারও অবরোধ কর্মসূচি পালন করা হবে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, আন্দোলনকারীদের কয়েকজন প্রতিনিধিকে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক করে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
এদিকে, রেলপথ অবরোধের কারণে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটগামী অন্তত সাতটি আন্তঃনগর ট্রেন বিভিন্ন রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, অবরোধ তুলে নেওয়ার পর বেলা সাড়ে ১১টার দিকে বিভিন্ন স্টেশনে আটকে থাকা ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত