
ডেস্ক রিপোর্ট | সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ৯ বার পঠিত | পড়ুন মিনিটে

সংগৃহীত ছবি
যুদ্ধ, নিষেধাজ্ঞা আর নতুন মার্কিন চাপের আশঙ্কায় ভয়াবহ সংকটে পড়েছে ইরানের মুদ্রাবাজার। খোলাবাজারে ডলারের বিপরীতে ইরানি রিয়ালের দাম নেমে গেছে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এখন ১ ডলারের বিনিময়ে মিলছে প্রায় ২০ লাখ রিয়াল।
সপ্তাহের শুরুতেও ১ ডলারের দাম ছিল প্রায় ১৮ লাখ ৬৫ হাজার রিয়াল। কয়েক দিনের ব্যবধানেই ডলারের বিপরীতে রিয়ালের আরও বড় পতন হয়েছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক প্রচেষ্টা স্থবির হয়ে পড়ার পাশাপাশি নতুন করে মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কা তৈরি হয়েছে। এর সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ঘিরে উত্তেজনা বাড়ায় দেশটির অর্থনীতিতে চাপ আরও বেড়েছে।
রিয়ালের পতনের ভয়াবহতা বোঝা যায় অতীতের বিনিময় হারের দিকে তাকালে। ১৯৭০-এর দশকের মাঝামাঝি, ইসলামিক রিপাবলিক প্রতিষ্ঠার আগে, ১ ডলারের বিপরীতে ইরানি মুদ্রার মূল্য ছিল মাত্র ৭০ থেকে ৭৫ রিয়াল।
মুদ্রার দরপতনের সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনে। খাদ্য, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকায় জনমনে অসন্তোষও বাড়ছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিদেশি মুদ্রার চাহিদা বৃদ্ধি ও যুক্তরাষ্ট্রের আরও অর্থনৈতিক চাপের আশঙ্কা রিয়ালের দরপতনের অন্যতম কারণ। পাশাপাশি তেল রপ্তানি, বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রবেশাধিকার এবং আন্তর্জাতিক আর্থিক লেনদেন ঘিরে অনিশ্চয়তাও সংকটকে আরও গভীর করছে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধ, নিষেধাজ্ঞা ও কূটনৈতিক অচলাবস্থার সম্মিলিত চাপে ইরানের মুদ্রাবাজারে অস্থিরতা আরও বাড়তে পারে।
সূত্র: গালফ নিউজ

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত