
ডেস্ক রিপোর্ট | সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ১২ বার পঠিত | পড়ুন মিনিটে

বাংলাদেশ ও ভারতের তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণে দুই দেশকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় দুই দেশের রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের সাধারণ মানুষ মেধাবী। দুই দেশের তরুণ প্রজন্মের অনেক আকাঙ্ক্ষা রয়েছে। তাদের আকাঙ্ক্ষা পূরণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সবার দায়িত্ব।
তিনি বলেন, সাধারণ মানুষ চাকরি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ভালো সড়ক ও বিদ্যুৎ চায়। বাণিজ্যের মাধ্যমে এসব চাহিদা পূরণে সহায়তা করা সম্ভব। গণতন্ত্রে রাজনৈতিক ইস্যু থাকবেই, তবে সাধারণ মানুষ উন্নয়ন চায়। উন্নয়ন ছাড়া কিছুই সম্ভব নয়।
ভারতীয় হাইকমিশনার বলেন, ‘পারস্পরিক নির্ভরশীলতাই’ স্থায়ী সমাধানের পথ। বাংলাদেশের উন্নয়নে যেমন ভারতের প্রয়োজন রয়েছে, তেমনি ভারতের উন্নয়নেও বাংলাদেশের প্রয়োজন আছে। এই নির্ভরশীলতা দুই দেশের মধ্যে পরিবারের মতো সম্পর্ক তৈরি করতে পারে।
তিনি আরও বলেন, অর্থনীতি ও রাজনীতি দুটিই গুরুত্বপূর্ণ। তবে সাধারণ মানুষের খুব বেশি চাওয়া নেই; তারা শান্তি চায়। শান্তি থাকলে সমৃদ্ধি আসে। দুই দেশের দায়িত্ব তরুণ প্রজন্মকে শান্তি ও সমৃদ্ধি দেওয়া।
দুই দেশেই তরুণ জনগোষ্ঠীর সংখ্যা বেশি উল্লেখ করে দীনেশ ত্রিবেদী বলেন, যেকোনো সিদ্ধান্ত নেওয়ার সময় তরুণদের কথা বিবেচনায় রাখতে হবে।
পোশাক খাতে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে উৎপাদন বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
দীনেশ ত্রিবেদী বলেন, ‘আসুন আমরা ব্যবসায়িক সম্পর্ক এগিয়ে নিয়ে যাই, রাজনীতি তার নিজের পথে চলবে।’ সাধারণ মানুষের প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা দুই দেশের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশ ও ভারত দুটি স্বাধীন ও সার্বভৌম দেশ। কেউ বড় বা ছোট নয়, দুই দেশই সমান। এই সমতার ভিত্তিতেই দুই দেশকে কাজ করে যেতে হবে।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত