
ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ১০ বার পঠিত | পড়ুন মিনিটে

আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে লাইবেরিয়ার সাবেক ভাইস প্রেসিডেন্ট জুয়েল হাওয়ার্ড-টেইলরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক পাচার, অবৈধ আমদানি, পরিবহন ও অর্থ পাচারসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে।
বুধবার রাজধানী মনরোভিয়ার রবার্টস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশগামী একটি ফ্লাইটে ওঠার ঠিক আগে ৬৩ বছর বয়সী জুয়েলকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে দেশটির বিচার মন্ত্রণালয়।
সম্প্রতি প্রায় ৩১৭ মিলিয়ন ডলার মূল্যের বিশাল কোকেনের চালান উদ্ধারের ঘটনায় তদন্ত করতে গিয়ে জুয়েলের নাম সামনে আসে। লাইবেরিয়ার পুলিশপ্রধান গ্রিগরি কোলম্যানও তদন্তে সাবেক এই ভাইস প্রেসিডেন্টের সম্পৃক্ততার কথা উল্লেখ করেছেন।
তবে অভিযোগের বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি জুয়েল। বিবিসির সঙ্গে যোগাযোগ করা হলে তার আইনজীবী জানান, আদালতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ উপস্থাপনের আগে তারা কোনো মন্তব্য করবেন না।
জুয়েল হাওয়ার্ড-টেইলর ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত সাবেক প্রেসিডেন্ট জর্জ উইয়ার অধীনে লাইবেরিয়ার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট ও বিদ্রোহী নেতা চার্লস টেইলরের সাবেক স্ত্রী।
লাইবেরিয়ার পুলিশের অভিযোগ, জুয়েল অনুমোদনহীন নিয়ন্ত্রিত মাদক আমদানি, বিক্রি, পরিবহন ও অবৈধ পাচারের পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ডে প্ররোচনা ও সহায়তার সঙ্গে জড়িত ছিলেন।
এ মামলায় দুই ক্রোয়েশিয়ান ও একজন ইউক্রেনীয় নাগরিককেও তাদের অনুপস্থিতিতে অভিযুক্ত করা হয়েছে। তদন্তকারীদের দাবি, তারা একটি আন্তর্জাতিক মাদক পাচার নেটওয়ার্কের অংশ হিসেবে কাজ করছিল।
জুলাইয়ে লাইবেরিয়ায় প্রায় চার টন কোকেন জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩১৭ মিলিয়ন ডলার। কর্তৃপক্ষের ধারণা, চালানটি ইউরোপে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল।
দেশটির আইনমন্ত্রী অসওয়াল্ড টুয়েহ জানিয়েছেন, পলাতক বিদেশি নাগরিকদের গ্রেপ্তারে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সরকার বলেছে, তদন্তে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত অর্থের জোগানদাতা, মূল পরিকল্পনাকারী এবং ক্ষমতার অপব্যবহার করে যারা অপরাধীদের সুরক্ষা দিয়েছে, তাদেরও আইনের আওতায় আনা হবে।
সূত্র: বিবিসি

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত