
ডেস্ক রিপোর্ট | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ০ বার পঠিত | পড়ুন মিনিটে

রিয়াদে বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের শীর্ষ সামরিক ও কূটনৈতিক কর্মকর্তারা। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় গঠিত ‘স্ট্র্যাটেজিক পলিটিক্যাল অ্যান্ড ডিফেন্স কমিটি’ (এসপিডিসি)-এর বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও তিন দেশের প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হবে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে অংশ নেবেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ এবং সেনাপ্রধান ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির।
তুরস্কের প্রতিনিধিদলে থাকছেন পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, জাতীয় প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলের এবং চিফ অব জেনারেল স্টাফ জেনারেল সেলচুক বায়রাকতারোগলু।
আঞ্চলিক নিরাপত্তায় জোর
বৈঠকে মধ্যপ্রাচ্যসহ অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি, নিরাপত্তা চ্যালেঞ্জ এবং মক্কা চুক্তির আওতায় চলমান সহযোগিতা পর্যালোচনা করা হবে।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জোটটিকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার বিষয়ে তার দেশের অবস্থান তুলে ধরবেন বলে জানা গেছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি এবং মিত্র দেশগুলোর সম্মিলিত নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে—এমন ঘটনাবলি নিয়েও আলোচনা করবেন তিনি।
সাম্প্রতিক হুথি হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের প্রতি তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করতে পারেন ফিদান। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য রুটে নৌ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্বও তুলে ধরবেন তিনি।
উত্তেজনা এড়ানোর আহ্বান
বৈঠকে আঞ্চলিক বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধানের ওপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি উত্তেজনা আরও বাড়াতে পারে—এমন পদক্ষেপ এড়িয়ে চলার বিষয়েও আলোচনা হবে বলে জানা গেছে।
গত ৭ আগস্ট মক্কায় সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করেন।
চুক্তিটির লক্ষ্য হলো সম্মিলিত প্রতিরোধ ও প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তিন দেশের নিরাপত্তা জোরদার করা এবং আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সমাধানের পথ সুগম করা।
চুক্তির আওতায় গৃহীত কার্যক্রম তদারকির জন্য গঠন করা হয় এসপিডিসি। এতে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং চিফ অব জেনারেল স্টাফরা অন্তর্ভুক্ত রয়েছেন।
এর আগে গত ৩১ আগস্ট ইস্তাম্বুলে এসপিডিসির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে জোটকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং রিয়াদে এর সচিবালয় প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
পাকিস্তান জানিয়েছে, রিয়াদের বৈঠকে তাদের অংশগ্রহণ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখার প্রতি দেশটির প্রতিশ্রুতিরই প্রতিফলন।
সূত্র: রয়টার্স, গাল্ফ নিউজ।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত