
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ৫ বার পঠিত | পড়ুন মিনিটে

ব্রাজিলের একটি বয়সভিত্তিক ফুটবল ম্যাচে এমন এক ঘটনা ঘটেছে, যা দেখে মুহূর্তেই হইচই পড়ে যায় মাঠে। ম্যাচ চলার সময় হঠাৎ বিশাল আকারের নীল-হলুদ রঙের একটি ম্যাকাও পাখি মাঠে ঢুকে এক খেলোয়াড়ের দিকে উড়ে আসে। পাখির আক্রমণ এড়াতে মাটিতে লুটিয়ে পড়েন সেই ফুটবলার। পরিস্থিতি সামাল দিতে কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে হয় ম্যাচও।
ঘটনাটি ঘটে ব্রাজিলের প্রথমবারের মতো আয়োজিত কোপা দো ব্রাজিল অনূর্ধ্ব-১৫-এর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। মুখোমুখি হয়েছিল ফ্লামেঙ্গো ও সেয়ারার কিশোর দল।
ম্যাচের প্রথমার্ধের ১৬ মিনিটে হঠাৎ মাঠে ঢুকে পড়ে বিশাল পাখিটি। ফ্লামেঙ্গোর ডিফেন্ডার ভালমির দেখতে পান, পাখিটি সরাসরি তার দিকে উড়ে আসছে। মুহূর্তের মধ্যে নিজেকে বাঁচাতে মাটিতে ঝাঁপিয়ে পড়েন তিনি।
ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তবে পরে ব্রাজিলের সংবাদমাধ্যম জানায়, পাখিটি ভালমিরকে স্পর্শ করেনি। ফলে অল্পের জন্য রক্ষা পান তরুণ ফুটবলার, কোনো আঘাতও পাননি।
মাঠে হঠাৎ হাজির হওয়া পাখিটি কোনো অপরিচিত বন্যপ্রাণী ছিল না। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ম্যাকাওটির নাম ‘পেলে’। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের জাতীয় প্রশিক্ষণকেন্দ্র গ্রাঞ্জা কোমারির পরিচিত বাসিন্দা এই পাখি।
ব্রাজিলের জাতীয় দলের অনুশীলনের সময়ও একাধিকবার দেখা গেছে পেলেকে। কখনো গোলপোস্টের ওপর বসে থাকতে, আবার কখনো খেলোয়াড়দের কাছাকাছি দাঁড়িয়ে অনুশীলন দেখতে দেখা যায় তাকে। এ কারণে প্রশিক্ষণকেন্দ্রটির আশপাশে পাখিটি একপ্রকার পরিচিত মুখ হয়ে উঠেছে।
এবার অবশ্য জাতীয় দলের অনুশীলন নয়, সরাসরি বয়সভিত্তিক ফুটবল ম্যাচেই হাজির হয় পেলে।
পাখিটি বেশ কিছুক্ষণ মাঠের ওপর চক্কর দিতে থাকায় ম্যাচ পরিচালনায় সমস্যা তৈরি হয়। শেষ পর্যন্ত রেফারি খেলা সাময়িকভাবে বন্ধ করে দেন। পরে পাখিটি মাঠের পাশের গাছপালার দিকে ফিরে গেলে আবার শুরু হয় খেলা।
পাখির কারণে অপ্রত্যাশিত বিরতির পর ফের শুরু হয় ম্যাচ। এরপর ফ্লামেঙ্গোই প্রথম গোল করে এগিয়ে যায়। দলটির হয়ে গোল করেন ডেইভিদ লুকাস।
তবে শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি ফ্লামেঙ্গো। ঘুরে দাঁড়িয়ে আন্দ্রে লুইস ও কাইক পারার গোলে ২-১ ব্যবধানে ম্যাচ জিতে নেয় সেয়ারা। সেই সঙ্গে তৃতীয় স্থানও নিশ্চিত করে তারা।
কিন্তু ম্যাচ শেষে ফলাফল নিয়ে যতটা আলোচনা হয়েছে, তার চেয়ে বেশি আলোচনায় ছিল মাঠে ঢুকে পড়া বিশাল ম্যাকাও পাখিটি।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত