
ডেস্ক রিপোর্ট | রবিবার, ১১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ১৮ বার পঠিত | পড়ুন মিনিটে

যুক্তরাজ্যের একটি চিড়িয়াখানায় বাঘের বেষ্টনীতে প্রবেশের পর প্রাণীটির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ইয়র্কশায়ারের ডনকাস্টারের কাছে ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্কে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
দক্ষিণ ইয়র্কশায়ার পুলিশ জানায়, স্থানীয় সময় শনিবার দুপুর দেড়টার কিছু পর জরুরি সেবায় খবর দেওয়া হয়। এক ব্যক্তি বাঘের বেষ্টনীতে প্রবেশ করার পর বাঘটি তাঁর ওপর হামলা চালায়। খবর পেয়ে জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থলেই তাঁকে মৃত ঘোষণা করা হয়। তাঁর পরিবারের সদস্যদের মৃত্যুর খবর জানানো হয়েছে।
পুলিশের এক মুখপাত্র জানান, বাঘের আক্রমণে ওই ব্যক্তি গুরুতর আহত হয়েছিলেন। চিকিৎসাকর্মীরা তাঁকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়।
ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ায় পুলিশের সতর্কতা
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। এসব ভিডিওতে বাঘের বেষ্টনীর ভেতরে এক ব্যক্তিকে বাঘের আক্রমণের শিকার হতে এবং প্রাণীটির সঙ্গে ধস্তাধস্তি করতে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে।
তবে ভিডিওগুলো ছড়িয়ে না দেওয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ। তাদের ভাষ্য, দৃশ্যগুলো অত্যন্ত মর্মান্তিক ও কষ্টদায়ক।
অক্ষত রয়েছে বাঘ, অন্যদের জন্য ঝুঁকি নেই
ঘটনার পর বাঘটির অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়ে। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, বাঘটি আহত হয়নি এবং ঘটনার পরও বেষ্টনীর ভেতরেই ছিল। ফলে চিড়িয়াখানার অন্য দর্শনার্থী কিংবা সাধারণ মানুষের জন্য বাড়তি কোনো ঝুঁকি নেই।
ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্ক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, বাঘের বেষ্টনীর ভেতরে গুরুতর একটি ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই জরুরি সাড়াদানের ব্যবস্থা নেওয়া হয় এবং জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।
ঠিক কী ঘটেছিল, তা নির্ধারণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে পার্ক কর্তৃপক্ষ। দর্শনার্থী, কর্মী ও প্রাণীদের নিরাপত্তা এবং কল্যাণ তাদের সর্বোচ্চ অগ্রাধিকার বলেও বিবৃতিতে জানানো হয়।
ঘটনাস্থলে দুটি অ্যাম্বুলেন্স ও এয়ার অ্যাম্বুলেন্স
ইয়র্কশায়ার অ্যাম্বুলেন্স সার্ভিসের এক মুখপাত্র জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে একাধিক জরুরি সেবার দল পাঠানো হয়। এর মধ্যে ছিল দুটি অ্যাম্বুলেন্স, ইয়র্কশায়ার এয়ার অ্যাম্বুলেন্স এবং একজন চিকিৎসক। তবে দ্রুত চিকিৎসাসহায়তা পৌঁছালেও ওই ব্যক্তির জীবন রক্ষা করা যায়নি।
ওই ব্যক্তি কীভাবে বাঘের বেষ্টনীর ভেতরে প্রবেশ করলেন এবং কী পরিস্থিতিতে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিপন্ন আমুর বাঘের আবাসস্থল
ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্ক চালু হয় ২০০৯ সালে। ২০১১ সালে সেখানে বাঘের জন্য ‘ল্যান্ড অব দ্য টাইগার্স’ নামে বিশেষ আকর্ষণ চালু করা হয়। প্রায় দুই একর আয়তনের বিশেষভাবে নির্মিত সংরক্ষিত এলাকায় আমুর বাঘ রাখা হয়।
আমুর বাঘ বাঘের একটি বিপন্ন উপপ্রজাতি। ধারণা করা হয়, বন্য পরিবেশে এ প্রজাতির প্রায় ৫০০টি বাঘ টিকে আছে।
পার্কটির ওয়েবসাইটে প্রকাশিত ছবিতে দর্শনার্থীদের চলাচলের জন্য উঁচু পথ এবং বাঘের বিচরণক্ষেত্রের চারপাশে বেড়া দেখা যায়।
সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত