
ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ৪৫ বার পঠিত | পড়ুন মিনিটে

গ্রাম আদালতের কার্যক্রমে গতি আনতে এবার ইউনিয়ন পরিষদগুলোর মধ্যে প্রতিযোগিতা তৈরি করতে যাচ্ছে সরকার। দেশের প্রতিটি জেলা থেকে বেছে নেওয়া হবে ‘সেরা গ্রাম আদালত পরিচালনাকারী ইউনিয়ন পরিষদ’ ও ‘সেরা চেয়ারম্যান’। ভালো কাজের স্বীকৃতি হিসেবে দেওয়া হবে পুরস্কারও।
সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে। এতে সই করেন বিভাগের উপসচিব মো. আব্দুর রহমান।
পরিপত্র অনুযায়ী, ‘বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ’ প্রকল্পের আওতায় যেসব ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতের কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে, তাদের চিহ্নিত করে স্বীকৃতি ও পুরস্কার দেওয়া হবে। সরকারের আশা, এতে অন্য ইউনিয়ন পরিষদগুলোও গ্রাম আদালত পরিচালনায় আরও সক্রিয় ও দক্ষ হবে।
জেলা প্রশাসকদের নিজ নিজ জেলার ইউনিয়ন পরিষদগুলোর মধ্য থেকে নির্ধারিত সূচক ও মানদণ্ডের ভিত্তিতে সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান নির্বাচন করতে বলা হয়েছে।
যেসব বিষয় বিবেচনায় আসবে
সেরা নির্বাচন করতে গ্রাম আদালতে দায়ের হওয়া মামলার সংখ্যা, নারী আবেদনকারীর সংখ্যা, মামলা নিষ্পত্তির হার এবং সালিশের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির সাফল্য বিবেচনা করা হবে।
এ ছাড়া ফি ও জরিমানা আদায়ে বিধিবিধান অনুসরণ, গ্রাম আদালতের জন্য বরাদ্দ বিশেষ ফান্ড বা অনুদানের যথাযথ ব্যবহার, মামলা ও বিরোধ নিষ্পত্তির নথি সংরক্ষণ এবং লিখিত তথ্য ব্যবস্থাপনাও মূল্যায়ন করা হবে।
গ্রাম আদালত পরিচালনা ও ব্যবস্থাপনায় ইউনিয়ন পরিষদের দক্ষতাও সেরা নির্বাচনের ক্ষেত্রে গুরুত্ব পাবে।
বাড়তে পারে কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী
পরিপত্রে গ্রাম আদালতের কার্যক্রমে সহায়তাকারী ইউপি সচিব এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরের মাসিক সম্মানী ও যাতায়াত ভাতা বাড়ানোর প্রস্তাবের কথাও উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব জেলা প্রশাসকের কাছে পরিপত্রটি পাঠানো হয়েছে।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত